পিরোজপুরের বশেমুরবিপ্রবিতে যোগদান করলেন নতুন উপাচার্য
পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবিপি) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম যোগদান করেছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে, গত রোববার (২৭ অক্টোবর) মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর আইন, ২০২২ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।
জানা গেছে, অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে যোগদানের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ড. মো. শহীদুল ইসলাম ঢাবির একই বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক এবং ১৯৯২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জার্মানির গটিংজেন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে এমএস এবং ২০০২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
কর্মজীবনের শুরুতে ড. মো. শহীদুল ইসলাম ১৯৯২ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। পরে ২০০২ সালে সহকারী অধ্যাপক, ২০০৫ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১০ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।
জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের প্রায় ৭০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ গণিত সমিতি ও ঢাবি গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
/তাওহিদ/মেহেদী/
দেশে কোনো সন্ত্রাসের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী