বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিতুমীরে বিক্ষোভ
তিতুমীর কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কলেজের প্রধান ফটকের সামনে এ প্রতিবাদী মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘শিক্ষা সিন্ডিকেট, একসাথে চলে না’, ‘ঢাবির সিন্ডিকেট, মানি না মানবো না’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, সারা দেশ যখন উওাল, তখন এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই আমরা রাস্তায় পেয়েছি। আমরা দেখেছি, জুলাই আন্দোলনে ১৮ তারিখের পর যখন হলগুলো বন্ধ হয়ে যায়, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আন্দোলনকে সচল রেখেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি, নতুন দলের কমিটিতে সার্বিক বিবেচনা করা হয়নি। আমার স্বৈরাচার আমলের মতো করা এ হামলার তীব্র নিন্দা জানাই।
শিক্ষার্থীরা আরো বলেন, গতকাল বুধবার নারীদের ওপরও হামলা করা হয়েছে, যা খুবই নিন্দনীয় কাজ। কিন্তু জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণও ছিল ব্যাপক। সেই নারীদের ওপর তারা হামলা করেছে। আমরা ঢাবি কেন্দ্রীকতা মানি না।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ গঠনের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের জেরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আটজন শিক্ষার্থী আহত হন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঢাকা/হাফছা/মেহেদী
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান