অতিরিক্ত ফি কমানোর দাবিতে রাজশাহী কলেজে বিক্ষোভ
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহী কলেজে অনার্স ফরম পূরণের অতিরিক্ত ফি কমিয়ে শিক্ষার্থীবান্ধব করার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, অতিরিক্ত ফি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। তারা ফি কমানোর পাশাপাশি নেওয়া অর্থের হিসাব প্রকাশের দাবি জানান।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা অধ্যক্ষ মো. যুহুর আলীর সঙ্গে কথা বলতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। পরে কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হলেও কোন সমাধান হয়নি।
এ কর্মসূচিতে রাজশাহী কলেজের শিক্ষার্থী মারুফা খাতুন, কাওসার আলী, আবু সাহিল, খালিদ বিন ওয়ালিদ আবির, আমিনুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ যুহুর আলী বলেন, “প্রতি বছরের মতো এবারো একই পরিমাণ ফি নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা কমানোর দাবি তুলেছেন। কিন্তু আমি একা সিদ্ধান্ত নিতে পারি না। শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে বিষয়টি নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসা হবে।”
ঢাকা/কেয়া/মেহেদী