ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাকসু ভিপি যোগ দিলেন বিএনপিতে, হল সংসদের ৯ প্রতিনিধি ছাত্রদলে

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৫০, ৬ ফেব্রুয়ারি ২০২৬
জাকসু ভিপি যোগ দিলেন বিএনপিতে, হল সংসদের ৯ প্রতিনিধি ছাত্রদলে

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাকসুর ভিপিসহ বাকি প্রতিনিধিদের বরণ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের ৫জন ভিপি, ২ জন জিএস ও ১ জন এজিএসসহ ৯ জন প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যোগদান কার্যক্রম সম্পন্ন হয়।

আরো পড়ুন:

এ সময় আব্দুর রশিদ জিতু বলেন, “৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব, ইনশাআল্লাহ।”

জিতুর বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সুয়াইব হাসান বলেন, “বিগত দেড় বছরের ক্যাম্পাস রাজনীতিতে জিতু তার অবস্থান ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ ধরে রাখতে পেরেছেন। গণঅভ্যুত্থানের সময় তিনি রাজপথে সক্রিয় ছিলেন। তবে জাকসু নির্বাচনে যারা তাকে ভোট দিয়েছেন, তাদের বড় একটি অংশ অরাজনৈতিক অবস্থান থেকেই ভোট দিয়েছিলেন। বিএনপিতে যোগ দেওয়ার পর সেই প্রত্যাশা তিনি কীভাবে পূরণ করেন, সেটিই এখন দেখার বিষয়।”

অন্যদিকে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব আলম মানিক জিতুর যোগদান নিয়ে ভিন্নমত প্রকাশ করে তার ফেসবুক পোস্টে লিখেছেন, “জাকসু নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করেছিল, তারাই আজ ভিপিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করছে। মেয়াদ শেষ হওয়ার আগেই সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত একজন ভিপির এমন সিদ্ধান্ত হতাশাজনক।”

তিনি আরো লেখেন, “দীর্ঘদিন ধরে ছাত্রদলে কাজ করা কর্মীদের জন্য যেখানে শীর্ষ নেতাদের সাক্ষাৎ পাওয়াই কঠিন, সেখানে হঠাৎ করেই কেউ বিএনপি নেতা হয়ে ওঠা অনেকের জন্য কষ্টের।”

ছাত্রদলে যোগদানকারী হল সংসদ নেতাদের মধ্যে রয়েছেন—নবাব সলিমুল্লাহ হল সংসদের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হল সংসদের ভিপি রিফাত আহমেদ শাকিল, আ ফ ম কামালউদ্দিন হল সংসদের ভিপি জিএম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হল সংসদের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হল সংসদের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হল সংসদের ভিপি ফারহানা রিথী,, মীর মোশাররফ হোসেন হল সংসদের জিএস শাহরিয়া নাজিম রিয়াদ, শহীদ রফিক-জব্বার হল সংসদের জিএস শরীফুল ইসলাম, শহীদ সালাম বরকত হল সংসদের জিএস মাসুদ রানা মিষ্টু এবং আ ফ ম কামালউদ্দিন হল সংসদের এজিএস রিপন মণ্ডল ছাত্রদলে যোগদান করেছেন।

এছাড়াও, হল সংসদের আরো শহীদ সালাম বরকত হল সংসদের ভিপি মারুফ হাসান, একই হল সংসদের জিএস মাসুদ রানা মিষ্টু যোগদান অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

ঢাকা/আহসান/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়