বিএনপির বিজয়ে ইউট্যাব জবি শাখার দোয়া মাহফিল
জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয়ে ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
বক্তব্যে রইছ বলেন, “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে যারা অমানুষিক নির্যাতন সহ্য করেছেন এবং জীবন ও সম্পদ উৎসর্গ করেছেন, বিশেষ করে ২০২৪ সালের শহীদরা, তাদের এই বিজয়ের মুহূর্তে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা প্রয়োজন।”
তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় দেশ গণতান্ত্রিক ধারায় আরও এগিয়ে যাবে এবং ভবিষ্যতে গণতন্ত্র সুসংহত হবে।
অধ্যাপক রইছ উদ্দীন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ সুচারুভাবে পরিচালিত হয়েছিল; তবে স্বৈরাচারী হস্তক্ষেপের কারণে সেই ধারাবাহিকতা দীর্ঘস্থায়ী হয়নি।” পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় বলেও তিনি উল্লেখ করেন।
গণতন্ত্র নানা সময়ে বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি আশা করেন, দীর্ঘ সময় পর তারেক রহমানর নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত ও সুরক্ষিত হবে।
এছাড়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন আগের যেকোনো সময়ের তুলনায় আরো এগিয়ে যাবে।
ইউট্যাব জবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক। সঞ্চালনা করেন ইউট্যাব জবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাছির আহমাদ।
দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মো. সালাহ্ উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/লিমন/জান্নাত