ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আন্তর্জাতিক আইডিয়া প্রতিযোগিতায় বাকৃবির ৪ ক্যাটাগরিতে জয়

বাকৃবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ১৮ মার্চ ২০২৬  
আন্তর্জাতিক আইডিয়া প্রতিযোগিতায় বাকৃবির ৪ ক্যাটাগরিতে জয়

আন্তর্জাতিক কৃষি ও বায়োসিস্টেম ইঞ্জিনিয়ারিং কমিশন (সিআইজিআর) আয়োজিত ২০২৫ সালের আন্তর্জাতিক আইডিয়া প্রতিযোগিতায় চারটি ভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। বায়োসিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের এই বৈশ্বিক প্রতিযোগিতায় মোট সাতটি ক্যাটাগরির মধ্যে চারটিতে বিজয়ী হয়েছে বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত চারটি দল।

বুধবার (১৮ মার্চ) প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী দলের সদস্যরা বিষয়টি জানিয়েছেন।

আরো পড়ুন:

প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্বে প্রকল্পগুলো সিআইজিআরের বিভিন্ন টেকনিক্যাল সেকশনে মূল্যায়ন করা হয়। সেখান থেকে নির্বাচিত সেরা প্রকল্পগুলো চূড়ান্ত পর্বে অংশ নেয়। এবারের প্রতিযোগিতায় সাতটি ক্যাটাগরি ছিল—ল্যান্ড অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, স্ট্রাকচারস অ্যান্ড এনভায়রনমেন্ট, প্ল্যান্ট প্রোডাকশন, এনার্জি ইন এগ্রিকালচার, সিস্টেম ম্যানেজমেন্ট, বায়োপ্রসেসেস এবং ইনফরমেশন টেকনোলজি।

এর মধ্যে ‘স্ট্রাকচারস অ্যান্ড এনভায়রনমেন্ট’ (টেকনিক্যাল সেকশন-২) ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন সাবিদুর রহমান শেজান ও নুসরাত জিহান জুই। ‘এনার্জি ইন এগ্রিকালচার’ (টেকনিক্যাল সেকশন-৪) ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছেন মো. আবু হুরায়রা আল রিজন, আমিনা আরিফ রিয়া ও শোয়াইব আহমেদ সতেজ। ‘সিস্টেম ম্যানেজমেন্ট’ (টেকনিক্যাল সেকশন-৫) ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন তানভীর হোসেন, খৈরম অনন্তা অনি ও নুসরাত জাহান মুমু।

এই তিনটি দলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান। একই বিভাগ থেকে ‘এনার্জি ইন এগ্রিকালচার’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন মো. রাহাত মিয়া ও খন্দকার জুনায়েদ আহমেদের দল, যাদের তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক ড. মো. রুস্তম আলী।

এবারের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, ঘানা ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেন। বৈশ্বিক এই প্রতিযোগিতায় বাকৃবির শিক্ষার্থীরা দুটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। স্বর্ণজয়ীরা ৫০০ মার্কিন ডলার এবং ব্রোঞ্জজয়ীরা ২০০ মার্কিন ডলারসহ বিশেষ সম্মাননা পদক পাবেন।

আগামী ২০২৬ সালের জুন মাসে ইতালির তুরিনে অনুষ্ঠিতব্য ‘সিআইজিআর ওয়ার্ল্ড কংগ্রেস’-এ বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে। প্রতিযোগিতার সাতটি প্রযুক্তিগত ক্ষেত্র থেকে নির্বাচিত সেরাদের মধ্য থেকে একজন সামগ্রিক বিজয়ী ওই কংগ্রেসে অংশগ্রহণের জন্য পূর্ণ অর্থায়নও পাবেন।

‘এনার্জি ইন এগ্রিকালচার’ ক্যাটাগরিতে স্বর্ণজয়ী দলের সদস্য মো. আবু হুরায়রা আল রিজন বলেন, “এই সাফল্য আমাদের দীর্ঘদিনের পরিশ্রম ও নিষ্ঠার ফল। বাংলাদেশ থেকে অংশ নেওয়া সব দলই বাকৃবির হওয়ায় এই অর্জন আমাদের জন্য আরো গর্বের।” তিনি তাদের তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. আনিসুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

‘সিস্টেম ম্যানেজমেন্ট’ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারী দলের সদস্য নুসরাত জাহান মুমু বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে এমন স্বীকৃতি পাওয়া আমাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। এই অর্জন বিশ্ববিদ্যালয় ও ফ্যাকাল্টির সুনাম আরো উজ্জ্বল করেছে।” তিনি জানান, এই সাফল্যের পেছনে দলের নিরলস পরিশ্রম ও আত্মত্যাগ রয়েছে এবং এটি ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।

ঢাকা/লিখন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়