জাবিতে সর্বোচ্চ গবেষণা প্রকাশে সম্মাননা পেলেন মিজানুর রহমান
জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অধ্যাপক মিজানুর রহমান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত শিক্ষকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক গবেষণা প্রকাশের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান। বিগত ২০২৫ সালের গবেষণাকর্মের মূল্যায়নে ‘আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’-এর পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় সমাজবিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক ও আর্থিক প্রণোদনার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. শামছুল আলম। এতে ট্রাস্টের প্রবর্তক ও জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক দারা শামসুদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দারা শামসুদ্দীন ট্রাস্টের প্রেক্ষাপট তুলে ধরে জানান, কলা ও মানবিকী এবং সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করতে ২০০১ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, “শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে আমরা পরিমাণগত (Quantitative) মাপকাঠি ব্যবহার করি। প্রতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হালনাগাদ প্রকাশনার তালিকা বিশ্লেষণ করে সর্বোচ্চ গবেষণাপত্র প্রকাশকারী শিক্ষককে নির্বাচিত করা হয়।”
এই মূল্যায়নের ভিত্তিতেই এ বছর সহযোগী অধ্যাপক মিজানুর রহমানকে মনোনীত করা হয়েছে বলে জানান তিনি এবং তাকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ঢাকা/আহসান/জান্নাত


বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী