ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুবিতে ৬ অনুষদে নতুন ডিন নিয়োগ

কুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ১২ মে ২০২৬   আপডেট: ১৩:৪৮, ১২ মে ২০২৬
কুবিতে ৬ অনুষদে নতুন ডিন নিয়োগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৬টি অনুষদে নতুন ডিন নিয়োগ দিয়েছে প্রশাসন। আইন বিশেষজ্ঞের মতামত না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীনভাবে অধ্যাপকদের এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১১ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিজ্ঞান, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের ডিনদের নিয়োগের মেয়াদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ (সংশোধিত আইন-২০১৩) অনুযায়ী শেষ হয়েছে। এছাড়া, গত ৭ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৯তম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আইন বিশেষজ্ঞের মতামত না আসা পর্যন্ত সংশ্লিষ্ট অধ্যাপকদের ডিন হিসেবে দায়িত্ব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত ডিনরা হলেন—আইন অনুষদের ডিন হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাসুদা কামাল, কলা ও মানবিক অনুষদের ডিন হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক এম এম শরীফুল করীম, বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. শামীমুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন হিসেবে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক শেখ মকছেদুর রহমান এবং প্রকৌশল অনুষদের ডিন হিসেবে আইসিটি বিভাগের অধ্যাপক মো. তৌফায়েল আহমেদ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “সিন্ডিকেটে ডিন নিয়োগের বিষয়ে আইন বিশেষজ্ঞের মতামত না পাওয়া পর্যন্ত এ নিয়োগ দেওয়া হয়েছে। মতামত এলে পুনরায় আইন অনুযায়ী দুই বছরের জন্য ডিন নিয়োগ দেওয়া হবে।”

ঢাকা/এমদাদুল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়