ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘কর্পোরেট গভর্নেন্সের বিষয়ে সতর্ক থাকতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ২৮ জুন ২০২১  
‘কর্পোরেট গভর্নেন্সের বিষয়ে সতর্ক থাকতে হবে’

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এম. সাইফুর রহমান মজুমদার বলেছেন, ‘পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কর্পোরেট গভর্নেন্সের কোনো বিকল্প নেই। আর এই কর্পোরেট গভর্নেন্স পরিচালন বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

ডিএসইর ট্রেনিং একাডেমিতে গত ২২ ও ২৭ জুন ‘কমপ্লায়েন্স ইন কর্পোরেট গভর্নেন্স বাই লিস্টেড কোম্পানিজ’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

সোমবার (২৮ জুন) ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাইফুর রহমান মজুমদার আরও বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মশালা থেকে আপনারা যে জ্ঞান অর্জন করেছেন, তা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগ করলে স্ব স্ব প্রতিষ্ঠান এবং পুঁজিবাজার উভয় উপকৃত হবে।’

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানির কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বিএসইসি’র পরিচালক মো. আবুল কালাম ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসই’র সিনিয়র ম্যানেজার মুহাম্মদ রনি ইসলাম।

প্রশিক্ষণ শেষে সাইফুর রহমান মজুমদার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

ঢাকা/এনটি/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়