ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জেএমআই হসপিটালের আইপিও আবেদন শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২৭ ফেব্রুয়ারি ২০২২  
জেএমআই হসপিটালের আইপিও আবেদন শুরু

জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ রোববার (২৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। চলবে আগামী বৃহস্পতিবার (৩ মার্চ) পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির বিডিংয়ে (নিলামে) কাট-অব প্রাইস ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কাট-অব প্রাইস থেকে ২০ শতাংশ ডিসকাউন্টে অর্থাৎ আইপিওতে কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। গত ৯ জানুয়ারি বিকাল ৫টা থেকে ১২ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত বিডিং অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

ওই সময়ে কোম্পানিতে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত ১৮ কোটি ৭৫ লাখ টাকার বিপরীতে ১৩৯ কোটি ৭৯ লাখ ২১ হাজার ৪০০ টাকার দর প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিটি শেয়ারে ২৫ টাকা করে ১৩৭ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার টাকার দর প্রস্তাব জমা পড়েছে। যাতে কোম্পানির কাট-অফ প্রাইস ২৫ টাকা নির্ধারিত হয়েছে।

জেএমআই হসপিটালের বিডিংয়ে ৩৮৫ যোগ্য বিনিয়োগকারী দর প্রস্তাব করে। এর মধ্যে ১ জন সর্বনিম্ন ১৬ টাকা করে দর প্রস্তাব করেছেন।  এছাড়া ২ জন ২২ টাকা করে, ২ জন ২৩ টাকা করে ও ১ জন ২৪ টাকা করে দর প্রস্তাব করেছেন।

এর আগে গত ১৬ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৯৯তম নিয়মিত কমিশন সভায় কোম্পানির বিডিংয়ের অনুমোদন দেয়।

কোম্পানিটি শেয়ারবাজারে বিনিয়োগকারীদের থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করতে চায়। ওই টাকা দিয়ে জমি ক্রয়, ভবন তৈরি, মেশিনারীজ ক্রয়, ঋণ পরিশোধ ইত্যাদি কাজে ব্যবহার করবে।

কোম্পানির ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ২৭.৭৮ টকায় এবং পুনর্মূল্যায়নসহ নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ২৯.৯৯ টাকায়। বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৪২ টাকা।

কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট।

/এনএফ/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়