ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রপ্তানিকারকরা নিজ হিসাবে ৩০ দিন ডলার রাখতে পারবেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ৬ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৬:২২, ৬ সেপ্টেম্বর ২০২২
রপ্তানিকারকরা নিজ হিসাবে ৩০ দিন ডলার রাখতে পারবেন

ছবি: সংগৃহীত

এখন থেকে রপ্তানিকারকরা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিজ হিসাবে ৩০ দিন ডলার সংরক্ষণ ও অন্য ব্যাংকে স্থানান্তর করতে পারবে। রপ্তানি মূল্যের স্থানীয় মূল্য সংযোজনের অংশ বৈদেশিক মুদ্রায় সংরক্ষণের সময়সীমা বাড়িয়ে এমন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি ক‌রে তা বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠিয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে রপ্তানিকারক ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজ হিসাবে ৩০ দিন পর্যন্ত ডলার ধরে রাখতে পারবেন, যা দিয়ে ব্যাক টু ব্যাক ঋণপত্রসহ অন্যান্য ইডিএফ ও আমদানি দায় শোধ করা যাবে। একইসঙ্গে সংরক্ষণ করা আয়ের অর্থ অন্য ব্যাংকে স্থানান্তর করতে পারবেন। আগে ১৫ দিন পর্যন্ত রপ্তানিককারক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজ হিসাবে ডলার সংরক্ষণ করা যেতো।

নতুন নির্দেশনার ফলে রপ্তানিকারকরা অন্য ব্যাংকের আমদানি দায় বিনিময়জনিত ক্ষতি ছাড়াই নিজের বৈদেশিক মুদ্রা দিয়ে পরিশোধ করতে পারবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে, গত ২৯ মে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়েছিল- প্রত্যাবাসিত রপ্তানি মূল্যের স্থানীয় মূল্য সংযোজনের অংশ পরবর্তী কর্মদিবসে নগদায়ন করতে হবে। পরে গত ৩ আগস্ট এ সময়সীমা বাড়িয়ে ১৫ দিন করা হয়েছিল। এখন তা আরও ১৫ দিন বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে।

ঢাকা/এনএফ/এনএইচ 

সর্বশেষ

পাঠকপ্রিয়