ঢাকা     সোমবার   ০৯ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৪ ১৪৩২ || ১৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান হলেন নাহিয়ান রহমান রোচি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ৩০ অক্টোবর ২০২৪  
বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান হলেন নাহিয়ান রহমান রোচি

নাহিয়ান রহমান রোচি

বাংলাদেশে বিনিয়োগ খাতের উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নাহিয়ান রহমান রোচিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বিজনেস ডেভেলপমেন্ট প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিডা জানায়, গতকাল মঙ্গলবার বিডার ইস্যু করা এক পত্রের মাধ্যমে নাহিয়ান রহমান রোচিকে যোগদানের আমন্ত্রণ জানানো হয়। বিডায় তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদায় যোগ দেবেন।  

বিডার প্রত্যাশা, নাহিয়ান রহমানের নেতৃত্বে বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

নাহিয়ান রহমান সরাসরি বিডার নির্বাহী চেয়ারম্যানের অধীনে কাজ করবেন এবং বিডার উচ্চপদস্থ নেতৃত্বদলের অংশ হিসেবে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার বিভিন্ন কৌশল বাস্তবায়নে কাজ করবেন।

বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান হিসেবে যোগদানের ব্যাপারে নাহিয়ান রহমানের রোচি বলেছেন, দেশের বিনিয়োগ উন্নয়নে বিডার গুরুত্ব অপরিসীম। বিডার বিজনেস ডেভেলপমেন্টে কাজ করা একইসঙ্গে চ্যালেঞ্জ এবং সম্মানের। আমি বাংলাদেশকে সমৃদ্ধ বিনিয়োগ গন্তব্য হিসেবে উপস্থাপনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যা ব্যবসায়ের বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে এবং সকল নাগরিকের কল্যাণে অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।

নাহিয়ান রহমান রোচি এর আগে দক্ষিণ কোরিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো রথম্যানসের ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং এবং বাংলাদেশে বিভিন্ন শীর্ষ পদে দক্ষতার ছাপ রেখেছেন তিনি। 

নাহিয়ান রহমান রোচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র। 

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়