ইজিএম আহ্বান করেছে ব্যাংক এশিয়া
ব্যাংক আলফালাহ লিমিটেডের বাংলাদেশ অপারেশনের সম্পদ ও দায় অধিগ্রহণের প্রস্তাব অনুমোদনের লক্ষ্যে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে ব্যাংক এশিয়া পিএলসির পরিচালনা পর্ষদ। আগামী ১২ এপ্রিল এ সভা অনুষ্ঠিত হবে।
রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে একটি বিশেষ প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন এবং শেয়ারহোল্ডারদের সম্মতির ভিত্তিতে ব্যাংক আলফালাহ লিমিটেডের বাংলাদেশ অপারেশনের সম্পদ ও দায় অধিগ্রহণের স্কিম অনুমোদন দেওয়া হবে।
এ লক্ষ্যে ব্যাংক এশিয়ার ১৩তম বিশেষ সাধারণ সভা আগামী ১২ এপ্রিল সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণ ও ভোটাধিকার নির্ধারণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি।
ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, এই অধিগ্রহণ বাস্তবায়িত হলে ব্যাংক এশিয়ার ব্যবসা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং খাতটির একীভূতকরণ প্রক্রিয়া আরো গতিশীল হতে পারে।
ঢাকা/এনটি/ফিরোজ