ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের হুমকি: সংযুক্ত আরব আমিরাতে সিটি ব্যাংক বন্ধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ১২ মার্চ ২০২৬  
ইরানের হুমকি: সংযুক্ত আরব আমিরাতে সিটি ব্যাংক বন্ধের ঘোষণা

সিটি ব্যাংক

আঞ্চলিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ইরানের হামলার হুমকি পর, সংযুক্ত আরব আমিরাতে সিটি ব্যাংক তাদের সব শাখা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) আন্তর্জাতিক বার্তা সংস্থা এপিকে এ তথ্য নিশ্চিত করেছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ।  খবর আল-জাজিরার। 

আরো পড়ুন:

এপি-কে সিটি ব্যাংক বলেছে, তারা একটি শাখা বাদে তাদের বাকি সব শাখা বন্ধ করে দেবে। বিস্তারিত ব্যাখ্যা না দিলেও ‘সংযুক্ত আরব আমিরাতে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে’ তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স একটি অভ্যন্তরীণ মেমোর বরাত দিয়ে জানিয়েছে, সিটিব্যাংক তাদের কর্মীদের দুবাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টার এবং দুবাইয়ের উদ মেথা এলাকার অফিসগুলো খালি করার নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বাসা থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

রয়টার্স আরও জানিয়েছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকও দুবাইয়ে তাদের অফিসগুলো থেকে কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে।

বুধবার (১১ মার্চ) ইরানের একটি ব্যাংকে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে তেহরানের খাতাম আল-আম্বিয়া সামরিক কমান্ড সদর দপ্তরের একজন মুখপাত্র এই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি অর্থনৈতিক ও ব্যাংকিং স্বার্থে আঘাত হানার হুমকি দেন। তার পরপরই এই পদক্ষেপগুলো নেওয়া হলো।

গ্রাহকদের জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে এইচএসবিসি জানিয়েছে, তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাতারে তাদের সব শাখা বন্ধ করে দিয়েছে। এইচএসবিবি ব্যাংক কর্তৃপক্ষ বলছে, কর্মী এবং গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়