ঢাকা     সোমবার   ২৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৪ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘হিজবুল্লাহ একা নয়, আমরা অটুট’, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ২৭ এপ্রিল ২০২৬   আপডেট: ১৪:৩৫, ২৭ এপ্রিল ২০২৬
‘হিজবুল্লাহ একা নয়, আমরা অটুট’, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি

লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মুখে হিজবুল্লাহর প্রতি পূর্ণ সমর্থন বজায় রাখার ঘোষণা দিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি।

ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আঞ্চলিক ‘প্রতিরোধের অক্ষ’ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। খবর ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির।

আরো পড়ুন:

রবিবার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ‘আপস্ক্রোলড’-এ এক এক বার্তায় জেনারেল কানি লেবাননে হিজবুল্লাহর সক্ষমতা ধ্বংস করার বিষয়ে ইসরায়েলি দাবিগুলোকে প্রত্যাখ্যান করেছেন। তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ এই লড়াইয়ে একা নয়। লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় পুরো প্রতিরোধ ফ্রন্ট যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছে। কানির মতে, বর্তমানে তাদের প্রধান লক্ষ্য হলো, হিজবুল্লাহসহ প্রতিরোধের প্রতিটি শক্তিকে সর্বোচ্চ সহযোগিতা করা।

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি আগ্রাসন আঞ্চলিক অস্থিরতাকে নতুন রূপ দেয়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তেহরানের ১০-দফা দাবির প্রেক্ষিতে এই চুক্তি হলেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করে যে, লেবানন এই চুক্তির আওতাভুক্ত নয়।

এরই ধারাবাহিকতায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই লেবাননে ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল, যাতে একদিনেই প্রাণ হারায় ৩০০ জন। পরবর্তীতে ১৬ এপ্রিল পুনরায় যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইসরায়েল তা নিয়মিত লঙ্ঘন করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

লেবানন কর্তৃপক্ষের তথ্যমতে, মার্চ মাস থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এ পর্যন্ত নিহতের সংখ্যা ২ হাজার ৫০০ ছাড়িয়েছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ঘরবাড়ি ধ্বংস ও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে।

এরই প্রতিবাদে অধিকৃত অঞ্চলে পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ড্রোন ও রকেট হামলার পাশাপাশি ইসরায়েলি সেনা সমাবেশ ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে কৌশলগত আক্রমণ অব্যাহত রেখেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহ স্পষ্ট জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসন ও যুদ্ধবিরতি লঙ্ঘনের কড়া জবাব দিতে তারা প্রস্তুত।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়