বাজেটে কাস্টমস বিষয়ে প্রস্তাব চেয়েছে এনবিআর
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রণয়নকে সামনে রেখে কাস্টমস সংক্রান্ত প্রস্তাব ও সুপারিশ আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আমদানি পর্যায়ের শুল্ক-কর হার যৌক্তিকীকরণ, বাণিজ্য সহজীকরণ এবং পদ্ধতিগত জটিলতা কমাতে ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের মতামত চাওয়া হয়েছে।
এনবিআর জানায়, প্রতিবছরের মতো এবারো বাজেট প্রণয়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের পরামর্শ নেওয়া হবে। বিশেষ করে বিশ্ব বাণিজ্য সংস্থার ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট (টিএফএ) বাস্তবায়ন এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরবর্তী পরিস্থিতি বিবেচনায় আগামী বাজেটকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক-কর সংক্রান্ত আইন, বিধিমালা, আদেশ ও ব্যাখ্যাপত্রের প্রয়োজনীয় সংস্কার বা পরিবর্তন, শুল্ক-কর হার যৌক্তিকীকরণ এবং ট্যারিফ বা ন্যূনতম মূল্য নির্ধারণের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠাতে হবে।
আগামী ১৫ মার্চের মধ্যে হার্ড কপির পাশাপাশি নিকশ ফন্টে প্রস্তুত সফট কপি সিডিতে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস নীতি বিভাগে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে [email protected] ই-মেইল ঠিকানায় সফট কপি পাঠাতে বলেছে জাতীয় রাজস্ব বোর্ড।
ঢাকা/নাজমুল/মাসুদ