৬ মিউচুয়াল ফান্ড থেকে এলআর গ্লোবালকে অপসরণ
এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান বিনিয়োগ কর্মকর্তার দায়িত্বে রয়েছেন রিয়াজ ইসলাম। আর কোম্পানিটির উপদেষ্টার হিসেবে রয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান
ছয়টি মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনার দায়িত্ব থেকে দেশের অন্যতম সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের নিয়োগ বাতিল করা হয়েছে। ফান্ড ব্যবস্থাপনায় নানান অনিয়মের পরিপ্রেক্ষিতে মিউচ্যুয়াল ফান্ড খাতে শৃঙ্খলা ফেরাতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এমন সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এলআর গ্লোবাল বাংলাদেশের পরিচালিত মিউচুয়াল ফান্ডগুলো হলো- ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড- ১, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি “ফান্ড ব্যবস্থাপনায় নানা অনিয়ম: ৬ ফান্ড থেকে এলআর গ্লোবালকে অপসারণ, সনদ বাতিল প্রক্রিয়াধীন” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে দেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে উল্লেখ করা হয়, ছয়টি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি জানিয়েছে, তারা এ বিষয়ে বিএসইসির কাছ থেকে একটি চিঠি পেয়েছে। কমিশনের গত ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে জানানো হয়েছে, কমিশনের আলোচনার পর এলআর গ্লোবাল বাংলাদেশের সম্পদ ব্যবস্থাপক হিসেবে নিয়োগ বাতিল করা হয়েছে। ফলে প্রতিষ্ঠানটি আর সংশ্লিষ্ট ছয়টি মিউচুয়াল ফান্ড পরিচালনা করতে পারবে না।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্ত মিউচুয়াল ফান্ড খাতে জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। বিএসইসির এই কঠোর পদক্ষেপ পুঁজিবাজারে সুশাসন ফেরাতে এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।
চূড়ান্তভাবে নতুন সম্পদ ব্যবস্থাপক নিয়োগ ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে কমিশনের দিকনির্দেশনার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান বিনিয়োগ কর্মকর্তার (চিফ ইনভেস্টমেন্ট অফিসার) দায়িত্বে রয়েছেন রিয়াজ ইসলাম। আর কোম্পানিটির উপদেষ্টার হিসেবে রয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান ও ক্রীড়া সাংবাদিক রেজাউর রহমান সোহাগ।
ঢাকা/এনটি/ইভা