ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছেলেকে শেয়ার উপহার দেবেন একমি ল্যাবরেটরিজের উদ্যোক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ১৬ মার্চ ২০২৬  
ছেলেকে শেয়ার উপহার দেবেন একমি ল্যাবরেটরিজের উদ্যোক্তা

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের একজন উদ্যোক্তা তার মালিকানাধীন ৭ লাখ ৪০ হাজার শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। কোম্পানিটির এই উদ্যোক্তা তার ছেলেকে উল্লিখিত পরিমোণ শেয়ার উপহার দেবেন।

সোমবার (১৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, একমি ল্যাবরেটরিজ লিমিটেডের উদ্যোক্তা পারভীন আখতার খানম। তার কাছে থাকা কোম্পানিটির ৭ লাখ ৪০ হাজার শেয়ার তার ছেলে আনসার উদ্দিন সিনহার কাছে উপহার হিসেবে হস্তান্তর করার আগ্রহ প্রকাশ করেছেন। আনসার উদ্দিন সিনহা কোম্পানিটির একজন সাধারণ শেয়ারহোল্ডার।

ঘোষণা অনুযায়ী, শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে হস্তান্তর করা হবে। গত ১৫ মার্চ থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন কোম্পানিটির পরিচালক।

বাজার বিশ্লেষকদের মতে, পরিচালকদের মধ্যে শেয়ার উপহার বা পারিবারিক হস্তান্তর সাধারণত কোম্পানির নিয়ন্ত্রণ কাঠামোয় বড় পরিবর্তন আনে না। তবে এমন তথ্য প্রকাশ বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি পরিচালকদের শেয়ারধারণ কাঠামোর পরিবর্তনের ইঙ্গিত দেয়।

একমি ল্যাবরেটরিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৬ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ২১১ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২১ কোটি ১৬ লাখ ১ হাজার ৭০০টি। সর্বশেষ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে মধ্যে কোমস্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪০.৭৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩১.৫২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৭.৭৪ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়