ঢাবির নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
এ বি এম ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক।
এদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ।
সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক। এর আগে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এবার ঢাবি উপাচার্য হিসেবে নিয়াজ আহমদ খানের স্থলাভিষিক্ত হলেন তিনি।
ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর থেকে আর বিশ্ববিদ্যালয়ে আসেননি তৎকালীন উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল। পরে আগস্টের শেষের দিকে নিয়াজ আহমদ খান ঢাবির উপাচার্যের দায়িত্ব নেন।
প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর গত ২২ ফেব্রুয়ারি উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন নিয়াজ আহমদ খান। ওই দিন ঢাবির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়াজ আহমদ খান আজ সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন। নিয়াজ আহমদ খান ঢাবির উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তার মূল পদে (উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড–১ অধ্যাপক) ফেরার জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন।
ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি এবং ঢাবি সাদা দলের সাবেক আহ্বায়ক।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি