পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৫ মার্চ) এক বার্তায় তিনি তিনি বলেছেন, “লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।”
প্রধানমন্ত্রী বলেন, “এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।”
প্রধানমন্ত্রী সবাইকে এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত-বন্দেগি করার আহ্বান জানান। পাশাপাশি মানবকল্যাণে আত্মনিয়োগ করারও আহ্বান জানান তিনি।
বার্তায় প্রধানমন্ত্রী মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে বলেন, তিনি যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত সবার ওপর বর্ষিত করেন এবং দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথে পরিচালিত করেন।
তিনি আশা প্রকাশ করেন, পবিত্র লাইলাতুল কদরের মহিমা সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনবে।
ঢাকা/আলী/রফিক