ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বর্তমান প্রেক্ষাপটে উন্নয়নশীল দেশে যাওয়ার সুযোগ নেই: অর্থমন্ত্রী 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ৫ এপ্রিল ২০২৬  
বর্তমান প্রেক্ষাপটে উন্নয়নশীল দেশে যাওয়ার সুযোগ নেই: অর্থমন্ত্রী 

এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশের গ্রাজুয়েশন প্রস্তুতি মূল্যায়ন বিষয়ে জাতীয় বহুপক্ষীয় পরামর্শসভা অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বলেছেন, বর্তমান পেক্ষাপটে এলডিসি গ্রাজুয়েশনের দিকে (স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে) বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই। বর্তমানে দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ।

রবিবার (৫ এপ্রিল) এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশের গ্রাজুয়েশন প্রস্তুতি মূল্যায়ন বিষয়ে জাতীয় বহুপক্ষীয় পরামর্শসভা শেষে সাংবাদিকদের ব্রিফ কালে তিনি এ সব কথা বলেন।  

অর্থমন্ত্রী বলেন, ‘‘অর্থনীতির যে দুরবস্থা বর্তমান সরকার পূর্বের সরকার থেকে  পেয়েছে, তা কাটিয়ে উঠতে পারলে এলডিসি নিয়ে চিন্তা ভাবনা করা হবে। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশ সরকার প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে।’’

মন্ত্রী বলেন, ‘‘মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রভাব শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে এর প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার। যার কারণে বাংলাদেশের তহবিলে অনেক বিরূপ প্রভাব পড়েছে। দেশের তহবিলে রীতিমতো রক্তক্ষরণ হচ্ছে।’’

আমির খসরু বলেন, ‘‘দেশের অর্থনৈতিক অস্থিরতা ছাড়াও অনেক ঋণ রয়েছে। ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করা বড় ধরনের সমস্যা হচ্ছে। আগামীতে কস্ট অফ ফাইনান্সিং মাথায় রেখে আমাদের ফাইন্যান্সিংয়ের চিন্তা করতে হবে।’’  

মন্ত্রী বলেন, ‘‘আমাদের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করে, দেশের ক্যাপাসিটি বিল্ডিংয়ের মাধ্যমে আমরা নির্ধারণ করব, কখন এলডিসি গ্রাজুয়েশনের দিকে যেতে পারব। জনগণের কাছে নির্বাচনি ইশতিহারের মাধ্যমে আমরা যে ওয়াদা করেছি, সেটা সময়মতো বাস্তবায়নের চেষ্টা করছি। ফ্যামিলি কার্ড বিতরণ সহ আমরা কিছু কাজ বাস্তবায়ন করেছি। এ সকল কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং হলে আমরা এলডিসি গ্রাজুয়েশনের দিকে যাব। এই মুহূর্তে এলডিসি গ্রাজুয়েশনের দিকে যাওয়ার সুযোগ নেই।’’

ঢাকা/এএএম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়