খুলনায় স্থাপন হবে এনএলআই সিকিউরিটিজের ডিজিটাল বুথ
খুলনায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ এনএলআই সিকিউরিটিজ লিমিটেডকে একটি ডিজিটাল বুথ স্থাপনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বুথ থেকে খুলনার ব্যবসায়ীরা পুঁজিবাজার সম্পর্কে সহজে সব তথ্য এবং সরাসরি শেয়ার লেনদেন করার সুযোগ পাবেন।
পুঁজিবাজারের লেনদেন বাড়ানো ও বিনিয়োগকারীদের সহজে সেবা প্রদানের লক্ষ্যে ডিজিটাল বুথ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এ নিয়ে প্রতিষ্ঠানটির ষষ্ঠ ডিজিটাল বুথ অনুমোদন দেওয়া হলো।
সম্প্রিতি বিএসইসি থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একইসঙ্গে ডিজিটাল বুথ অনুমোদনের বিষয়টি এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককেও অবহিত করা হয়েছে।
এনএলআই সিকিউরিটিজ কর্তৃপক্ষ জানিয়েছে, খুলনায় ডিজিটাল বুথ চালু করা জন্য ভবন ভাড়া নেওয়া হয়েছে। একইসঙ্গে ডিজিটাল বুথ পরিচালনার জন্যও কর্মী নিয়োগ দেওয়ার কাজ চলছে। বিএসইসির অনুমোদনের পরবর্তী ডিএসইর সম্মতি পেলেই ডিজিটাল বুথের কার্যক্রম শুরু হবে। সাধারণত ডিএসইর সম্মতি পেতে দুই থেকে তিন মাস সময় লাগে। বুথ অনুমোদন দেওয়ার সময় কমিয়ে আনলে ব্রোকারেজ হাউজগুলোর বাড়তি খরচ কম লাগতো।
বিএসইসি সূত্রে জানা গেছে, ডিএসইর পক্ষ থেকে পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিএসইসি এ সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের গত ১ মার্চ ডিএসইর পাঠানো চিঠির আলোকে বিষয়টি পর্যালোচনা করে কমিশন খুলনায় এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের একটি ডিজিটাল বুথ স্থাপনের অনুমোদন দেয়।
অনুমোদন অনুযায়ী, নতুন ডিজিটাল বুথটি খুলনার এনএলআই টাওয়ার-৩, ৯৭৭ আপার যশোর রোডে স্থাপন করা হবে। এর মাধ্যমে ওই অঞ্চলের বিনিয়োগকারীরা সহজে শেয়ার লেনদেনসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
বিএসইসিরে চিঠিতে উল্লেখ করা হয়েছে, ডিজিটাল বুথ স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কমিশনের বিদ্যমান নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। বিশেষ করে ২০২০ সালের ১৩ ডিসেম্বর বিএসইসির জারি করা নির্দেশনা এবং এর সংশোধনীসমূহ মেনে চলতে হবে। পাশাপাশি সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০সহ সংশ্লিষ্ট সব সিকিউরিটিজ আইন মেনে চলতে হবে।
এ বিষয়ে ডিএসই এবং এনএলআই সিকিউরিটিজ লিমিটেডকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে কমিশন। নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করে ডিজিটাল বুথ পরিচালনার মাধ্যমে বিনিয়োগকারীদের নিরাপদ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, রাজধানীর বাইরে পুঁজিবাজারের কার্যক্রম সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে ডিজিটাল বুথ বাড়লে স্থানীয় বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরো বাড়বে। এর ফলে দেশের পুঁজিবাজারে লেনদেনের পরিধি বিস্তৃত হওয়ার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হবে।
এ বিষয়ে এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহেদ ইমরান বলেন, “আমার ডিজিটাল বুথ স্থাপনের জন্য বিএসইসির অনুমোদন পেয়েছি। এখন ডিএসইর সম্মতি পেলে ডিজিটাল বুথ চালু করতে পারব। এর জন্য দুই থেকে তিন মাস সময় লাগে। আমরা ইতোমধ্যে অফিস সেটাআপ করে ফেলেছি। লোকবল নিয়োগ চলমান রয়েছে।”
ঢাকা/এনটি/এসবি
তনু হত্যার তদন্তে মোড়, সন্দেহভাজন ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ