ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরীক্ষার প্রবেশপত্র দেখিয়ে ঢাবি হলে ওঠা যাবে

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ১৫ ফেব্রুয়ারি ২০২১  
পরীক্ষার প্রবেশপত্র দেখিয়ে ঢাবি হলে ওঠা যাবে

আগামী ১৩ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো সীমিত পরিসরে খোলা হবে।

শুরুতে শুধু অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে হলে তুলতে তালিকা তৈরি করছে প্রশাসন। 

এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদ সিদ্ধান্ত নিয়েছিল যেসব আবাসিক পরীক্ষার্থী ১৩ মার্চ হলে উঠতে পারবেন, তাদের ৩ মার্চের মধ্যে বিভাগ, ইনস্টিটিউট ও হল থেকে জানানো হবে। এভাবে পর্যায়ক্রমে অন্তত এক সপ্তাহ আগে অন্যদেরও জানানো হবে।

এদিকে, সোমবার (১৫ ফেব্রুয়ারি) ক্যাম্পাসের ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠন নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সভার সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার সময়সূচি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে শুধু মাস্টার্স ও অনার্স শেষ বর্ষের আবাসিক শিক্ষার্থীদের আগামী ১৩ মার্চ থেকে পর্যায়ক্রমে হলে থাকার সুযোগ দানের বিষয়টি সভায় জানানো হয়।

সভায় জানানো হয়, পরীক্ষার প্রবেশপত্রধারী সংশ্লিষ্ট আবাসিক শিক্ষার্থীরা শুধু পরীক্ষা চলাকালে হলে অবস্থান করতে পারবেন এবং পরীক্ষা শেষ হলেই হল ত্যাগ করবেন।

এছাড়া, অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জনসমাগম এড়ানোর জন্য এবছর সংগঠন পর্যায়ে একটি ব্যানারের অধীনে সর্বোচ্চ পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুইজন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। এক্ষেত্রে সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে এসব উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সহযোগিতা চান। ছাত্র সংগঠনের নেতাদের এসব উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়াসহ ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এ সভায় উপস্থিত ছিলেন।

 

ইয়ামিন/এসএন

সর্বশেষ

পাঠকপ্রিয়