ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিজেকে প্রমাণ করতে চান সাঈ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৯, ৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিজেকে প্রমাণ করতে চান সাঈ

নির্মাতা-অভিনেতা মহেশ মঞ্জরেকরের মেয়ে সাঈ মঞ্জরেকর। বলিউডের জনপ্রিয় দাবাং ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে রুপালি জগতে পা রাখছেন। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি অর্থাৎ দাবাং-থ্রিতে অভিনয় করছেন তিনি।

চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা দাবাং-থ্রি। এছাড়া এর আগের দুটি সিনেমা বেশ ভালো ব্যবসা করেছে। তাই এই সিনেমা নিয়েও দর্শকের অনেক প্রত্যাশা। সিনেমাটির মাধ্যমে সাঈয়ের অভিষেক হচ্ছে। তার দিকেও থাকবে সবার নজর। এই চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত। বলেছেন, নিজেকে প্রমাণ করতে চান তিনি। 

এক সাক্ষাৎকারে সাঈ মঞ্জরেকর বলেন, দাবাং সব সময়ই হিট। প্রমাণ করতে চাই, আমিও এই ফ্র্যাঞ্চাইজির যোগ্য। হ্যাঁ, অবশ্যই অনেক আবেগ কাজ করছে। সিনেমা মুক্তির অপেক্ষায় আছি। অস্বীকার করব না- কিছুটা উদ্বিগ্ন।

সালমানের বিপরীতে অভিষেক প্রসঙ্গে তিনি বলেন, কোনো নার্ভাসনেস কাজ করেনি। সত্যি বলতে সেটে খুবই স্বাভাবিক ছিলাম। শুরুতে ভেবেছিলাম, সালমান খানকে দেখে খুবই ভয় পাব কারণ তার ভাবভঙ্গি কিছুটা ভিন্ন। পরে জানতে পারলাম, তিনি খুবই নরম স্বভাবের। পরবর্তী সময়ে আর ভয় কাজ করেনি। 

দাবাং-থ্রি সিনেমায় চুলবুল পান্ডের অতীতের ঘটনা দেখা যাবে। সেই দৃশ্যেই সালমানের নায়িকা চরিত্রে অভিনয় করবেন সাঈ। সিনেমাটি পরিচালনা করেছেন প্রভুদেবা। এতে খল চরিত্রে দেখা যাবে কন্নড় সিনেমার অভিনেতা কিচা সুদীপকে। এছাড়াও অভিনয় করেছেন— সোনাক্ষী সিনহা, আরবাজ খান, মাহি গিল প্রমুখ। আগামী ২০ ডিসেম্বর দাবাং-থ্রি মুক্তি পাবে।



ঢাকা/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়