ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

শাড়ির ব‌্যবসা: বিতর্কের জবাব দিলেন রচনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ২৮ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১২:২৩, ২৮ সেপ্টেম্বর ২০২১
শাড়ির ব‌্যবসা: বিতর্কের জবাব দিলেন রচনা

ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী রচনা ব‌্যানার্জি। চলচ্চিত্রে একেবারেই অনুপস্থিত তিনি। তবে নিয়মিত টিভি অনুষ্ঠান সঞ্চালনা করছেন। কয়েক দিন আগে এই অভিনেত্রী অনলাইনে শাড়ির ব‌্যবসা শুরু করেছেন। গত ২৩ সেপ্টেম্বর ‘রচনাস ক্রিয়েশন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। কিন্তু রচনার এই কাজ নেটিজেনদের কেউ কেউ ভালোভাবে গ্রহণ করেননি। এ নিয়ে তৈরি হয় বিতর্ক।

আরো পড়ুন:

অন্তর্জালে রচনাকে নিয়ে কড়া সমালোচনা করলেও তা নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। বরং পুরোদমে নিজের কাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। সোমবার (২৭ সেপ্টেম্বর) রচনা পুনরায় ফেসবুক লাইভে এসেছিলেন। এ সময় নিজের কালেকশনে থাকা শাড়ি যেমন দেখিয়েছেন তেমনি সমালোচনার জবাব দিয়েছেন এই অভিনেত্রী।

রচনা ব‌্যানার্জি বলেন—‘আমার এই ব‌্যবসা শুরুর আগে অনেককে বলতে শুনেছি, এই দ‌্যাখ ওই বউদি না শাড়ির ব‌্যবসা করে, ওই মেয়েটা না শাড়ির ব‌্যবসা করে! কিন্তু শাড়ির ব‌্যবসা করা কী খারাপ? এই শাড়ি পরেই তো নিজেকে সুন্দর করে উপস্থাপন করি। তাহলে শাড়ির ব‌্যবসাটা খারাপ কোথায়?’

কেউ কেউ ভাবছেন রচনা ব‌্যানার্জি এই ব‌্যবসায় আসার কারণে অন‌্যরা ক্ষতিগ্রস্ত হবেন। এ বিষয়টি স্মরণ করে রচনা ব‌্যানার্জি বলেন—‘দেখুন ভারত বর্ষে কোটি কোটি মানুষ। কিছু মানুষ আমার শাড়ি কিনবে। কিছু মানুষ আপনাদের শাড়িটা কিনবে। সুতরাং আপনাদের কোনো ক্ষতি হবে না।’

অন‌্য নারীদের পরামর্শ দিয়ে রচনা বলেন—‘যারা আপনাদের শাড়ির ব‌্যবসা করতে নিরুৎসাহিত করছেন, তাদের বলুন রচনাদি যদি শাড়ির ব‌্যবসা করতে পারেন, তবে আমরা কেন করতে পারব না!’

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রচনা বলেন, ‘সকলের ভালোবাসা ও সহযোগিতায় খুব আনন্দ লাগছে। সিনেমার পর্দায় এতদিন আমাকে দেখেছেন, টিভি পর্দায় এখনো দেখছেন। এখন অন‌্য একটি মাধ‌্যমে একেবারে নতুনভাবে দেখছেন। আমার এই উদ‌্যোগের সবকিছু ঘরে বসেই করছি। প্রথম লাইভে আসার পর দিদিরা আমাকে এত ভালোবাসা দিয়েছেন যে, আমি অভিভূত। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ থেকে এত এত মানুষ আমাকে প্রেরণা দিয়েছেন যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে বাংলাদেশ থেকে এত এত মেসেজ দিয়ে যারা প্রেরণা যুগিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন‌্যবাদ।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়