ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউক্রেনীয় অভিনেত্রীর প্রশ্ন: পরিবারের সঙ্গে দেখা হবে তো?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৭:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেনীয় অভিনেত্রীর প্রশ্ন: পরিবারের সঙ্গে দেখা হবে তো?

রাশিয়ার আক্রমণে ইউক্রেন এখন টালমাটাল। প্রায় ১১ বছর আগে ইউক্রেন ছেড়ে ভারতে আসেন নাতালিয়া কোজহেনোভা। তারপর নাম লেখান বলিউড চলচ্চিত্রে। এদিকে পরিবারের দুশ্চিন্তায় দিন কাটছে এই অভিনেত্রীর।

নাতালিয়া একা ভারতে বসবাস করেন। পরিবারের বাকি সদস্য তার মা, সৎ বাবা, দুই ভাই, দুই ভাতিজা বসবাস করেন ইউক্রেনে। দেশটির রিভন শহরে তাদের বাস। রাশিয়ার আক্রমণে ইউক্রেনের ধ্বংসযজ্ঞ দেখে চিন্তার ভাঁজ পড়েছে নাতালিয়ার কপালে। এখন তার ভাবনায় একটাই প্রশ্ন—পরিবারের সঙ্গে দেখা হবে তো?

আরো পড়ুন:

টাইমস অব ইন্ডিয়াকে নাতালিয়া বলেন—‘আমি আমার মায়ের সঙ্গে কথা বলেছি। মা বলেছেন, রাশিয়ান সৈন্যরা আমাদের শহরে প্রবেশ করছে এবং ঘর-বাড়ি খালি করে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে। মৃত্যু ভয়ে আমার পরিবার ঘরের ভেতরে বন্ধ আছেন। এরই মধ্যে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, আমি জানি না শেষ পর্যন্ত তাদের কাছে পৌঁছাতে পারব কিনা।’

নাতালিয়ার বিশ্বাস রাশিয়ার আক্রমণের মোকাবেলা করতে পারবে না তার দেশ ইউক্রেন। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন—‘রাশিয়ার মতো বড় শক্তির কাছে আমরা দাঁড়াতেই পারব না। পুতিন বলেছেন, এটাই ইউক্রেনের শেষ। ইউক্রেনের মানুষ শান্ত স্বভাবের। কিন্তু আগামী দিনে কী হবে, তা কেউ জানে না। আমি আমার গোটা পরিবারকে ভারতে নিয়ে আসতে চাই। কিন্তু তা সম্ভব নয়; কীভাবে ওদের পাশে দাঁড়াব, তা-ও বুঝতে পারছি না। পরিবারের কিছু হলে অনাথ হয়ে যাব; ওরা ছাড়া আমার আর কেউ নেই।’

ভারত সরকারের সমর্থন কামনা করে নাতালিয়া বলেন, ‘আমার বিশ্বাস ভারত সরকার ইউক্রেনের পাশে দাঁড়াবে। ইউক্রেনে ভারতের অনেক শিক্ষার্থী পড়াশোনা করে। ভারতের অনেক শিক্ষার্থী বিপদে রয়েছেন; আমার বিশ্বাস ইউক্রেনবাসীর জন্য যে পরিণতি অপেক্ষা করছে, তারা একই পরিণতি ভোগ করবে না।’

২০১০ সালে মুক্তি পায় নাতালিয়া অভিনীত প্রথম বলিউড সিনেমা ‘অতিথি তুম কব জায়োগে’। তার পর ‘আঞ্জুনা বিচ’, ‘সুপার মডেল’, ‘তেরে জিসম সে জান তাক’, ‘ইভিল ইজ ব্যাক’সহ বেশ কয়েকটি হিন্দি সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন নাতালিয়া। সম্প্রতি ‘ভানুমতি’ সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়