‘মুজিব’ নিয়ে কানে যাচ্ছেন শুভ
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব’। এতে বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর থেকে শুরু করে তাঁর আন্দোলন-সংগ্রামের নানা অধ্যায় উঠে আসবে। বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় নির্মিত এই বায়োপিক পরিচালনা করছেন শ্যাম বেনেগাল। সিনেমাটির ট্রেইলার প্রদর্শিত হবে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবে। এ উপলক্ষে আগামীকাল ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছাড়ছেন সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।
কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে আগামী ১৯ মে কানসৈকতে ভারতীয় প্যাভিলিয়নে সিনেমাটির ট্রেইলার প্রদর্শিত হবে। এটিই আরিফিন শুভর প্রথম কানযাত্রা।
এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘এই প্রথম আমার কান চলচ্চিত্র উৎসবে যাওয়া।এটা একটা স্বপ্নের মতো।আমার জন্য অনেক বড় সম্মান শুধু নয়, পুরো দেশের জন্য সম্মানের।আমার এই সম্মান আমার ভক্ত এবং সকল বাংলাদেশির জন্য সঙ্গে ভাগ করে নিচ্ছি, যাঁরা আমাকে আরিফিন শুভ বানিয়েছেন।’
সিনেমাটির সবশেষ অবস্থা প্রসঙ্গে ভ্যারাইটিকে খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল জানিয়েছেন, সিনেমাটি এখন দীর্ঘ ভিএফএক্স প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মুজিব’ সিনেমার অফিশিয়াল টিজার পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্তটি তুলে ধরা হয়েছে।জনতার উদ্দেশে বঙ্গবন্ধুর হাত নাড়ার দৃশ্যটিই পোস্টারে রাখা হয়েছে।যদিও দেখানো হয়নি কারও লুক। ট্যাগ লাইনে লেখা, ‘একটি জাতির রূপকার’।
সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা ‘মুজিব’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গমাতার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।
ঢাকা/রাহাত