‘নতুন করে শুরু করার সুযোগ এলে তোমাকেই বেছে নিতাম’
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ভালোবাসা দিবস মানেই শুধু ফুল আর শুভেচ্ছা নয়, অনেকের কাছে স্মৃতি আর আবেগের দিন। ঠিক তেমনই বিশেষ দিনে স্বামী আদনান আল রাজীবকে নিয়ে হৃদয়ের গভীর কথা লিখেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের এক বছর পূর্তি ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা, কৃতজ্ঞতা আর নির্ভরতার বার্তা দিয়েছেন তিনি।
ভালোবাসা দিবস উপলক্ষে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন এই অভিনেত্রী। ছবিগুলোর ক্যাপশনে নিজের হৃদয়ের কথা লিখে মেহজাবীন জানান—আজও যদি নতুন করে জীবন শুরু করার সুযোগ আসে, তিনি আদনানকেই বেছে নিতেন।
মেহজাবীন লেখেন, “একসঙ্গে বড় হয়েছি। একসঙ্গে লড়েছি পৃথিবীর সঙ্গে। ১৪ বছরের বন্ধুত্ব-ভালোবাসার পথচলা, তার মধ্যে এক বছর হলো আমাদের সংসার। আজও যদি নতুন করে শুরু করার সুযোগ আসে, আমি তোমাকেই বেছে নিতাম, আদনান।”
মেহজাবীনের এই পোস্ট ইতোমধ্যে ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তিন ঘণ্টায় পোস্টে ১৫ হাজারের মতো রিঅ্যাকশন পড়েছে। পাশাপাশি মন্তব্য জমা পড়েছে প্রায় তিনশ।
প্রসঙ্গত, ২০০৯ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় মেহজাবীন প্রথমবারের মতো দর্শকদের মুগ্ধ করেন। এরপর নাটকের জগতে তার জনপ্রিয়তা দ্রুতই ছড়িয়ে পড়ে। সেই সময়েই পরিচয় হয় নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে, যিনি ক্যামেরার পেছনে থেকে গল্পে প্রাণ এনে দেন।
কিছু মুহূর্তের প্রথম দেখা থেকেই দুজনের মধ্যে তৈরি হয় এক ধরনের বোঝাপড়া। যা ধীরে ধীরে বন্ধুত্বে, আর বন্ধুত্ব থেকে ভালোবাসায় রূপ নেয়। দীর্ঘ সময়ের পথচলার পর সেই সম্পর্কই একদিন পরিণয়ের রূপ পায়।
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ভালোবাসা দিবসেই মেহজাবীন ও আদনান বিয়ের বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ১৩ বছরের বন্ধুত্ব ও প্রেমের পর তারা শুরু করেন নতুন জীবন। এরই মধ্যে তাদের দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ হলো।
ঢাকা/রাহাত