ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অভিনেত্রীর বাবার রহস্যজনক মৃত্যু, রোমাঞ্চকর তদন্তে পুলিশ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬  
অভিনেত্রীর বাবার রহস্যজনক মৃত্যু, রোমাঞ্চকর তদন্তে পুলিশ

সূর্যনারায়ণ, বিষ্ণুপ্রিয়া

তামিল ও মালায়ালাম সিনেমার অভিনেত্রী বিষ্ণুপ্রিয়ার বাবা সূর্যনারায়ণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স হয়েছিল ৭৩ বছর।   

তামিল নাড়ুর কোডাইকোনালের একটি বাংলোতে মুখে টেপ পেঁচানো অবস্থায় সূর্যনারায়ণকে পাওয়া যায়। এ মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য মাঠে নেমেছে পুলিশ; যা ক্রাইম-থ্রিলার সিনেমার গল্পকেও হার মানায়। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে। 

আরো পড়ুন:

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনাস্থলের প্রাথমিক দৃশ্য দেখে ধারণা করা হচ্ছে, এটি দুর্ঘটনাজনিত মৃত্যু নয়। মরদেহটি একটি চেয়ারের সঙ্গে বাঁধা ছিল এবং মুখে শক্ত করে টেপ পেঁচানো ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কর্মকর্তারা। প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধ মনে করা হচ্ছে। 

পুলিশের মতে, মৃতদেহের দুই হাত চেয়ারের সঙ্গে বাঁধা ছিল। আর নাক-মুখ টেপ দিয়ে পেঁচানো ছিল; যা শ্বাসরোধের কারণ হতে পারে। কেবল তাই নয়, শরীরের বড় অংশে টেপ লাগানো ছিল। সূর্যনারায়ণ প্রায়ই পর্যটকদের কাছে বাংলো ভাড়া দিতেন। ঘটনার আগের দিন এই বাংলোতে পাঁচজন দর্শনার্থী উঠেছিলেন। ঘটনার পর তাদের পাওয়া যাচ্ছে না, ফলে সন্দেহ আরো ঘনীভূত হয়েছে।   

বাংলো থেকে সোনার গহনা এবং সিসিটিভির হার্ডডিস্ক পাওয়া যাচ্ছে না; যা পরিকল্পিত ডাকাতি থেকে খুনের আশঙ্কাকে জোরদার করছে। পাঁচ পর্যটকের খোঁজে রাজ্যজুড়ে তল্লাশি চাল্লাচ্ছে পুলিশ। খুনের আগে বাংলোর কর্মচারী আরুমুগম ও মুরালিকে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

সূর্যনারায়ণের মৃত্যুর সঙ্গে পুরোনো একটি মামলাও জড়িয়েছে। কারণ ২০১৮ সালে অভিনেত্রী বিষ্ণুপ্রিয়ার প্রেমিক প্রভাকরণ হত্যাকাণ্ডের শিকার হন। এ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন অভিনেত্রীর বাবা সূর্যনারায়ণ। ফলে সন্দেহভাজনদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত ব্যক্তিগত শত্রুতা বা প্রতিশোধের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়