প্রাক্তন স্ত্রী ও বর্তমান প্রেমিকাকে নিয়ে আমিরের জন্মদিন উদযাপন
ঘরোয়া আয়োজনে জন্মদিন উদযাপন করেন আমির খান
জনপ্রিয় বলিউড অভিনেতা আমির খান। কাজের প্রতি তার নিষ্ঠার কারণে তাকে বলা হয় ‘মিস্টার পারফেক্টশনিস্ট’। রুপালি পর্দায় বিভিন্ন চরিত্রে হাজির হয়েছেন। অভিনয় গুণে কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
শনিবার (১৪ মার্চ) ছিল আমির খানের জন্মদিন। এদিন ৬১ বছর পূর্ণ করেন। বিশেষ দিনে প্রাক্তন দুই স্ত্রী ও বর্তমান প্রেমিকাকে নিয়ে ঘরোয়া আয়োজনে কেক কাটেন এই তারকা অভিনেতা।
এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আমির খানের বাড়িতে ঘরোয়া আয়োজনে জন্মদিন উদযাপন করেন আমির খান। পরিবারের সদস্য ছাড়া তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন। আমিরের প্রাক্তন প্রথম স্ত্রী রিনা দত্ত, প্রাক্তন দ্বিতীয় স্ত্রী কিরণ রাও, বর্তমান প্রেমিকা গৌরি স্প্র্যাট, আমিরের দুই পুত্র ও কন্যা উপস্থিত থেকে জন্মদিন উদযাপন করেন।
এ মুহূর্তের বেশ কটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একটিতে দেখা যায়, টেবিলের ওপরে রাখা একটি কেক। তার সামনে দাঁড়ানো আমির খান। তার পেছনে প্রেমিকা গৌরি। আমিরের এক পাশে আজাদ রাও খান, অন্যপাশে ইরা খান ও জুনায়েদ খান। সবাই আনন্দ করে কেক কাটছেন।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, কেক কেটে একসঙ্গে বাড়ি থেকে বের হচ্ছেন আমির খান। একই মাক্রোবাসের পেছনে সিটে পাশাপাশি বসে আছেন গৌরি, কিরন রাও এবং পুত্র আজাদ। তাদের সবাইকে দারুণ উচ্ছ্বসিত দেখাচ্ছে। মাইক্রোবাসের সামনে সিটে বসা আমির খান।
প্রাক্তন দুই স্ত্রী, বর্তমান প্রেমিকা ও সন্তানদের নিয়ে আমির খানের এমন জীবনযাপন আলাদাভাবে নজর কেড়েছে। এ নিয়ে বেশ চর্চা চলছে নেট দুনিয়ায়। একজন লেখেন, “প্রাক্তন স্ত্রী বলতে কিছু নেই।” অন্য একজন আমির খানকে আক্রমণ করে লেখেন, “আমি বুঝতে পারছি না, একজন পুরুষের ৩-৪ জন স্ত্রী আছে, তাকে আপনি কীভাবে সম্মান করতে পারেন? আর সেই স্ত্রীরাও এসব কাজ করে বেড়ায়।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
১৯৮৬ সালে ভালোবেসে ঘর বাঁধেন আমির খান ও রিনা দত্ত। এ সংসারে রয়েছে মেয়ে ইরা ও পুত্র জুনায়েদ। ২০০২ সালে এ দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। ২০০৫ সালের ৮ ডিসেম্বর আমির খান বিয়ে করেন কিরন রাওকে। এ সংসারে তাদের আজাদ রাও খান নামে একটি পুত্র রয়েছে। ২০২১ সালের ৩ জুলাই কিরনের সঙ্গে বিয়েবিচ্ছেদের ঘোষণা দেন আমির।
দ্বিতীয় সংসার ভাঙার পর দীর্ঘ দিন একা ছিলেন আমির খান। এরপর গৌরির সঙ্গে সম্পর্কে জড়ান। গত বছর জন্মদিনে গৌরিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। তবে গৌরিকে বিয়ের কোনো পরিকল্পনা এখনো জানাননি এই তারকা।
ঢাকা/শান্ত