ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গান নিয়ে বিতর্ক: গায়ক বাদশাকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ১৫ মার্চ ২০২৬   আপডেট: ১৫:১০, ১৫ মার্চ ২০২৬
গান নিয়ে বিতর্ক: গায়ক বাদশাকে হত্যার হুমকি

বাদশার গাওয়া গানের মিউজিক ভিডিওর দৃশ্য (বাঁয়ে)

ভারতীয় র‌্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশাকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই গ্যাং। তার গাওয়া ‘টটেরি’ গানে নারী ও অপ্রাপ্তবয়স্কদের নিয়ে আপত্তিকর কথা ব্যবহারের অভিযোগে এই হুমকি দিয়েছে। খবর এনডিটিভির। 

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা ফেসবুকে পোস্ট করে বাদশাকে হত্যার হুমকি দিয়েছে। এ বার্তায় তারা লেখেছে—“গায়ক বদশাহ, আপনি হরিয়ানার সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করছেন। ২০২৪ সালে আপনার ক্লাবে আমরা ট্রেইলার দেখিয়েছিলাম; পরেরবার সরাসরি আপনার কপালে গুলি করব।” 

আরো পড়ুন:

২০২৪ সালে চন্ডীগড়ে অবস্থিত বাদশাহর মালিকানাধীন সেভিল বার অ্যান্ড লাউঞ্জ ক্লাবের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পরে ওই ঘটনার দায় স্বীকার করে কানাডাভিত্তিক সন্ত্রাসী গ্রুপ গোল্ডি ব্রার; এ গ্রুপ লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী হিসেবে পরিচিত। 

হরিয়ানভি ভাষার ‘টটেরি’ গানটি কিছুদিন আগে বাদশার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। মুক্তির পরপরই ভাইরাল হয় গানটি। এ নিয়ে তৈরি হয় বিতর্ক। সমালোচনার মুখে পড়েন গায়ক। অভিযোগ উঠেছে, গানটির কথা ও ভিডিওতে আপত্তিকর বিষয়বস্তু রয়েছে। এ নিয়ে পাঁচকুলার এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে বাদশাহর বিরুদ্ধে মামলা হয়েছে। 

গত সপ্তাহে বিতর্কের মুখে বাদশা ক্ষমা চেয়েছেন। বাদশা বলেন, “আমার নতুন গান প্রকাশের পর দেখছি, গানটির কথা ও ভিডিও অনেক মানুষকে, বিশেষ করে হরিয়ানার মানুষকে কষ্ট দিয়েছে। প্রথমে বলতে চাই, আমি নিজেও হরিয়ানার মানুষ। যারা আমাকে চেনেন তারা জানেন আমার পুরো পরিচয়টা এর সঙ্গে জড়িত। আমি একজন গর্বিত হরিয়ানভি। হরিয়ানার কোনো নারী বা শিশুকে নিয়ে এভাবে কিছু বলার কোনো উদ্দেশ্য ছিল না।” 

ক্ষমা চেয়ে বাদশা বলেন, “আমি হিপ-হপ ঘরানার গানের শিল্পী। অনেক সময় প্রতিযোগিতার কারণে কিছু কথা গানে যোগ করতে হয়; এটি কখনোই কোনো নারী বা শিশুদের উদ্দেশ্যে ছিল না। আমি কখনো এমনটা করব না। আমি সবসময় হরিয়ানার সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছি। তারপরও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে ক্ষমা চাই। হরিয়ানার সন্তান, আপনাদের সন্তান হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন।”

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়