কিশোর গাইলেন ‘আমি কেমন তুমি জানো’
‘আমি কেমন তুমি জানো’—শিরোনামেই যেন লুকিয়ে আছে অদেখা এক আবেগের গল্প। প্রেমিক–প্রেমিকার না-বলা অনুভূতি, নিঃশব্দ আকুলতা আর সম্পর্কের সূক্ষ্ম টানাপড়েন যেন ধরা দিয়েছে এই কয়েকটি শব্দেই। সেই আবেগ নিয়েই নতুন গান গেয়েছেন কণ্ঠশিল্পী কিশোর দাস। আগামী ১৭ মার্চ, গানটি মুক্তি পাবে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে।
রোমান্টিক আবহে হালকা বিষণ্নতার ছোঁয়া মিশিয়ে তৈরি হয়েছে গানটি। এর কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার আসিফ ইকবাল। সুর করেছেন অমিত চ্যাটার্জি। সংগীতায়োজন করেছেন ব্যান্ড সংগীতের পরিচিত মুখ মানাম আহমেদ। কথার আবেগকে কেন্দ্র করেই সুর ও সংগীতের বিন্যাস করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গানের আবহের সঙ্গে মিল রেখে মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা রাঙামাটিতে। পাহাড়, সবুজ আর প্রকৃতির নৈসর্গিক দৃশ্যপটে নির্মিত হয়েছে ভিডিওটির দৃশ্য। এতে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও স্বর্ণালি চৈতী। ভিডিওটি পরিচালনা করেছেন মোহাম্মদ আলী।
গানটি নিয়ে কিশোর দাস বলেন, “গানচিলের ব্যানারে ‘আমি কেমন তুমি জানো’ প্রকাশ পাচ্ছে—এটা আমার জন্য আনন্দের। গানটি হয়ে ওঠার পেছনে অবশ্যই গীতিকার আসিফ ইকবাল ভাইয়ের বড় অবদান আছে। তিনি অসাধারণ একটি লিরিক লিখেছেন। এর আগে তার লেখা ‘হৃদয় দিয়ে ভালোবাসে যারা’ এবং ‘সবটা জুড়ে তুমি’ গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম। এবার করলাম ‘আমি কেমন তুমি জানো’। গানটি তৈরি করতে আমরা প্রায় আট থেকে দশ দিন একসঙ্গে কাজ করেছি। গানটির মধ্যে যেমন শান্ত এক অনুভূতি আছে, তেমনি আছে না বলা কিছু হাহাকার।”
গানটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন গীতিকার আসিফ ইকবালও। তিনি বলেন, “শিরোনাম থেকেই বোঝা যায় গানটিতে প্রেম, হাহাকার এবং না-বলা কিছু অনুভূতির কথা আছে। সেই আবেগটাই কথার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। কিশোর খুব সুন্দরভাবে গানটি গেয়েছে। মানাম আহমেদের সংগীত এবং অমিত চ্যাটার্জির সুর মিলিয়ে গানটি নান্দনিক হয়ে উঠেছে। আশা করি, শ্রোতারা গানটি ভালোবাসবেন।”
গানটির সুর ও সংগীতে সফট রোমান্টিক একটি আবহ তৈরি করার চেষ্টা করা হয়েছে, যাতে কথার আবেগটি স্বাভাবিকভাবেই ফুটে ওঠে বলে জানিয়েছেন সংগীত পরিচালক মানাম আহমেদ।
আশাবাদ ব্যক্ত করে মিউজিক ভিডিও নির্মাতা মোহাম্মদ আলী বলেন, “গানটির কথা, সুর ও গায়কির যে আবেগ—তা দৃশ্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। চরিত্রগুলোর অনুভূতি এবং রাঙামাটির প্রকৃতির সৌন্দর্য একসঙ্গে মিলিয়ে উপস্থাপন করা হয়েছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।”
ঢাকা/রাহাত/শান্ত