ঢাকা     বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আপনাদের এই ঋণ কোনোদিন শোধ করতে পারব না: অপূর্ব

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ১৬ এপ্রিল ২০২৬   আপডেট: ১১:৩৬, ১৬ এপ্রিল ২০২৬
আপনাদের এই ঋণ কোনোদিন শোধ করতে পারব না: অপূর্ব

অপূর্ব

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় টিভি নাটক উপহার দিয়েছেন। রোমান্টিক নায়ক হিসেবে তার আলাদা খ্যাতি রয়েছে। অভিনয়ের জন্য যেমন প্রশংসা পেয়েছেন, তেমনই ভক্ত-অনুরাগীদের ভালোবাসায়ও সিক্ত এই তারকা। 

অপূর্ব হঠাৎ করেই তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে মানুষের ভালোবাসার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। লেখার শুরুতে জীবনের সাফল্যের সংজ্ঞা দিয়ে তিনি বলেন—“সাফল্যের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই, আমার কাছে আপনাদের অকৃত্রিম ভালোবাসাই হলো আসল সাফল্য।”

আরো পড়ুন:

বিস্ময় প্রকাশ করে অপূর্ব বলেন, “মাঝে মাঝে পেছনের দিকে তাকালে অবাক হয়ে যাই, কীভাবে বছরের পর বছর আপনারা আমাকে আগলে রেখেছেন। পর্দার চরিত্রগুলো তো আসে যায়, কিন্তু আপনাদের সাথে আমার যে আত্মার সম্পর্ক তৈরি হয়েছে, সেটা চিরন্তন।” 

নিজের জীবনকে সার্থক মনে করছেন অপূর্ব। তার মতে—“শুটিংয়ের ব্যস্ততা বা জীবনের ব্যস্ততা, সবকিছুর শেষে যখন আপনাদের দেয়া ভালোবাসার কথা ভাবি, তখন মনে হয় জীবনটা সত্যিই সার্থক। আপনারা যারা দূর থেকে কিংবা কাছে থেকে প্রতিনিয়ত আমাকে দোয়া আর ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না।” 

ভক্ত-অনুরাগীদের মঙ্গল কামনা করে অপূর্ব বলেন, “শুধু বলতে চাই, আপনারা আমার হৃদয়ের খুব কাছের মানুষ। সবাই সুস্থ থাকুন, হাসি আর আনন্দে থাকুন।” 

অপূর্বর আবেগঘন পোস্ট পড়ে নেটিজেনরাও আবেগাপ্লুত হয়ে পড়েছেন। পশ্চিমবঙ্গের নদীয়ার বাসিন্দা গোবিন্দ সরকার লেখেন, “আপনার অভিনয় দেখার পর আমার পশ্চিমবঙ্গের কোনো নায়কের অভিনয় ভালো লাগে না। সত্যি আপনি অসাধারণ অভিনয় করেন। ভালোবাসা রইল।”  

সীমা চৌধুরী লেখেন, “আপনার সঙ্গে কারো তুলনা হয় না প্রিয় নায়ক।” সুদীপ্তা ভৌমিক লেখেন, “লেখাটা পড়ে মন ভালো হয়ে গেল। আরও অনেক অনেক কাজের অপেক্ষায়। ভালো থাকবেন সুস্থ থাকবেন।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে অপূর্বর পোস্টের কমেন্ট বক্সে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়