ঢাকা     বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ১৬ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:৩৭, ১৬ এপ্রিল ২০২৬
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর

রণবীর কাপুর

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে ‘টাইম’ ম্যাগাজিন। এতে জায়গা করে নিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। বুধবার (১৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক টাইম ম্যাগাজিনের মর্যাদাপূর্ণ তালিকায় ‘আর্টিস্ট’ ক্যাটাগরিতে একমাত্র ভারতীয় তারকা হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। 

২০২০ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা পেয়েছিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। এবার রণবীরকে অন্তর্ভুক্ত করার পর, তাকে নিয়ে মূল্যায়ন করেছেন আয়ুষ্মান। সেই মূল্যায়ন টাইমের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। 

আরো পড়ুন:

আয়ুষ্মান খুরানা বলেন, “কিছু অভিনেতা আছেন, যারা উত্তরাধিকার বা খ্যাতির পেছনে ছুটে বেড়ান, আর কিছু অভিনেতা আছেন, যারা নিজেদের শিল্পগুণের মাধ্যমে নিজেরাই উত্তরাধিকার হয়ে ওঠেন। রণবীর কাপুর দ্বিতীয় ধরনের অভিনেতা। ভারতীয় সিনেমার মতো সমৃদ্ধ ও আবেগময় ইন্ডাস্ট্রিতে প্রায়ই শিল্পীকে পরিমাপ করা হয়—বক্স অফিসের সংখ্যা, ভক্তদের উন্মাদনা, ওপেনিং উইকএন্ডের সাফল্য দিয়ে। কিন্তু মাঝে মাঝে এমনও অভিনেতা আসেন, যে অনেক বেশি নীরব অথচ স্থায়ীভাবে অনেক কিছু বদলে দেন। রণবীর একের পর এক চলচ্চিত্র উপহার দিয়ে সেটাই করে যাচ্ছেন।” 

বিশ্বপরিসরে রণবীর কাপুরকে সাংস্কৃতিক সেতুবন্ধন বলে মন্তব্য করেন আয়ুষ্মান খুরানা। তিনি বলেন, “প্রায়ই অভিনয়কে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়। কিন্তু রণবীর অভিনয়কে নিজের ভেতরে ধারণ করেন। রণবীর আমাদের সংস্কৃতিকে নীরবে তুলে ধরছেন, ভারতের প্রতিনিধিত্ব করছেন। বিশ্বপরিসরে রণবীরের মতো অভিনেতারা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সেতুবন্ধন হয়ে ওঠেন। রণবীর ভারতের এমন একজন প্রতিচ্ছবি, যা শুধু আকারে নয়, সংবেদনশীলতাতেও বিকশিত হচ্ছে।” 

ভারতীয় সিনেমা বিশ্বকে প্রভাবিত করছে। তা স্মরণ করে আয়ুষ্মান খুরানা বলেন, “আমাদের সিনেমা বিশ্বকে প্রভাবিত করছে। রণবীর শুধু একজন চলচ্চিত্র তারকা নন, একজন গল্পকার, বিশ্বের দর্শকদের সঙ্গে কথা বলেন; তাদের কিংবদন্তিময় গল্প শোনান। পৌরাণিক দেশের গল্প শোনান, যেখানে ‘রামায়ণ’-এর মতো মহাকাব্য অন্যান্য সভ্যতা ও সংস্কৃতিকেও অনুপ্রাণিত করেছে।” 

টাইম ম্যাগাজিনের মর্যাদাপূর্ণ তালিকায় ‘আর্টিস্ট’ ক্যাটাগরিতে বিশ্বের বড় বড় তারকারা জায়গা পেয়েছেন। এ তালিকায় রয়েছেন—দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী জেনি কিম, ইরানি পরিচালক জাফর পানাহি, মার্কিন অভিনেত্রী ডাকোটা জনসন প্রমুখ।  

ঋষি কাপুর-নিতু কাপুর দম্পতির একমাত্র পুত্র রণবীর কাপুর। সহকারী পরিচালক হিসেবে রুপালি জগতে ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে অভিনেতা হিসেবে যাত্রা শুরু করেন। অভিষেকেই তাক লাগিয়ে দেন এই অভিনেতা। ফিল্মি পরিবারের সন্তান হলেও ঝলমলে দুনিয়ায় সফলতা পেতে তাকে কম কষ্ট করতে হয়নি। এখন বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের অন্যতম রণবীর। প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে বেশ কিছু পুরস্কার।  

রণবীর কাপুর অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘বরফি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দেওয়ানি’, ‘রকস্টার’, ‘ইয়ে দিল হ্যায় মুশকিল’, ‘সঞ্জু’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘শমশেরা’, ‘অ্যানিমেল’ প্রভৃতি।   

রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি নির্মিত এ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে রয়েছেন সাই পল্লবী; সীতা রূপে দেখা যাবে তাকে। রণবীর এ সিনেমার জন্য ৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা যায়। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। ২০২৬ সালের দীপাবলিতে সিনেমাটির প্রথম পার্ট মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়