ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশে গম পাচারের অভিযোগে নুসরাতকে তলব

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ২১ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:১৭, ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে গম পাচারের অভিযোগে নুসরাতকে তলব

নুসরাত জাহান

রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য নুসরাত জাহানকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার (২২ এপ্রিল) কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে হাজির হতে বলা হয়েছে। 

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, করোনা সংকটের সময়ে বাংলাদেশে গম পাচারের অভিযোগে বেশ কিছু ট্রাক আটক করা হয়েছিল সীমান্ত এলাকায়। সেই সময় বসিরহাটের সংসদ সদস্য ছিলেন নুসরাত জাহান। এ বিষয়ে নুসরাতকে জেরা করা হবে বলে জানা গেছে। 

আরো পড়ুন:

এ বিষয়ে ইডির একটি সূত্র বলেন, “রেশনের গম পাচারের ঘটনার তদন্তে নেমে বেশ কিছু নাম পাওয়া গিয়েছে। বাংলাদেশে গম পাচার নিয়ে নুসরাতকেও জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। কিছু দিন আগে বর যশ দাশগুপ্তের সঙ্গে ছুটি কাটাতে বিদেশে গিয়েছিলেন এই অভিনেত্রী। কলকাতায় ফিরেছেন কি না, তা জানা যায়নি।” 

বিষয়টি নিয়ে কথা বলতে গণমাধ্যমটির পক্ষ থেকে নুসরাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে নুসরাতের ঘনিষ্ঠ সূত্রের দাবি—ইডির ডাকে সাড়া দেবেন অভিনেত্রী নুসরাত জাহান। কিন্তু কলকাতার সিজিও কমপ্লেক্সে নয়, দিল্লিতে ইডির কেন্দ্রীয় সদর দপ্তরে যাবেন।  

তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে লোকসভা নির্বাচনে বসিরহাট আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নুসরাত জাহান। তারপর রাজনৈতিক অঙ্গনে গ্ল্যামারের রং ছড়ালেও কাজের কাজ খুব একটা করেননি বলে দাবি অভিনেত্রীর নিন্দুকদের।   

২০২৪ সালের লোকসভা নির্বাচনে টিকিট পাননি নুসরাত। এমনকি, দলের প্রচারে যেসব তারকারা ছিলেন, সেই তালিকায়ও ছিলেন না তিনি। ফলে দলের উপর খানিকটা অভিমান হয়েছিল তার। তবে সব মান-অভিমান ভুলে চলতি বছরের বিধানসভা নির্বাচনে দলের পাশে আছেন নুসরাত জাহান। বিধানসভা নির্বাচনে যেসব তারকারা প্রচারে অংশ নেবেন, সেই তালিকায় নাম রয়েছে তার।

আগামী ৩০ এপ্রিল, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। এদিকে, গত কয়েক দিন ধরে নানা মামলায় সক্রিয় ইডি। রাজ্যের শাসকদলের দাবি, নেপথ্যে বিজেপির ষড়যন্ত্র ছাড়া আর কিছু নেই। ভোট-যুদ্ধে তৃণমূলের সঙ্গে পেরে না ওঠার কারণে কেন্দ্রীয় সংস্থাগুলোকে কাজে লাগাচ্ছে পদ্মশিবির। নুসরাতকে তলব করার ব্যাপারটিও তারই অংশ বলে মনে করা হচ্ছে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়