ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  চৈত্র ৩১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রিকশার উৎপত্তি বাংলাদেশে নয়

শাহ মতিন টিপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০০, ২৪ মার্চ ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিকশার উৎপত্তি বাংলাদেশে নয়

রিকশা

শাহ মতিন টিপু
ঢাকা, ২৪ মার্চ : রিকশা। এই ত্রিচক্র যানটি বহির্বিশ্বে বাংলাদেশের একটি প্রতীক। বলা হয়, ঢাকা রিকশার শহর। অথচ রিকশা মোটেও ঢাকার যানবাহন নয়। বাইরে থেকে আসা অনেক কিছুর মতই রিকশাও এখানে বহিরাগত। রিকশার উৎপত্তি বাংলাদেশে নয়। রিকশার উৎপত্তি যেখানে সে দেশে এখন রিকশার টিকিটিও খুঁজে পাওয়া যাবে না।

`রিকশা` শব্দটি এসেছে জাপানি `জিন রিকিশা` শব্দ থেকে।  জিন্ = মানুষ, রিকি = শক্তি, শা = বাহন। যার আভিধানিক অর্থ হলো `মনুষ্যবাহিত বাহন`। শব্দের উৎপত্তি যেখানে নিঃসন্দেহে বাহনটির উৎপত্তিও সেখানে।

সম্ভবত ১৮৬৮ সালে জাপানে রিকশার উদ্ভব। জাপানে তখন মিজি সাম্রাজ্যের শাসন। মূলত ভারী জিনিস বহনের জন্য রিকশা তৈরি করা হয়েছিল।  ১৮৭০ সালের পর জাপানে রিকশা জনপ্রিয় প্রধান বাহনে পরিণত হয়।

রিকশার প্রথম আবিষ্কারক ও ব্যবহারকারী আজো অজানা। তবে বিভিন্ন সময় বিভিন্ন দেশের ইতিহাসবিদ জনপ্রিয় এ বাহনটি আবিষ্কারের কৃতিত্ব দাবি করেন। তাই রিকশার আবিষ্কারক নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই।

মার্কিনরা দাবি করেন, ১৮৪৮ সালে আমেরিকার বোস্টন শহরের মার্কিন কামার অ্যালবার্ট টোলম্যান মিশনারিদের জন্য প্রথম রিকশা তৈরি করেন। অনেকে আবার দাবি করেন, মিশনারিদের জন্য নয়, বরং মার্কিন মিশনারি জোনাথন স্কোবি ১৮৬৯ সালের দিকে নিজের সুবিধার্থে রিকশা আবিষ্কার করেন।

তাদের দাবি, স্কোবি থাকতেন জাপানের ইয়াকোহামায়। স্কোবির স্ত্রী ছিলেন শারীরিক প্রতিবন্ধী। ফলে তিনি চলাচল করতে পারতেন না। মূলত স্কোবির স্ত্রীর চলাচলের সুবিধার্থে তিনি রিকশা তৈরি করেন। আবার এও শোনা যায়, ১৮৮৮ সালে এক মার্কিন ব্যাপ্টিস্ট রিকশা আবিষ্কার করেন।

অন্যদিকে জাপানের ইতিহাসবিদরা দাবি করেন, ইজুমি ইয়োসুকি নামের এক রেস্তোরাঁর মালিক ১৮৬৯ সালে রিকশা আবিষ্কার করেন। তবে অধিকাংশ জাপানি তিনজনকে রিকশা আবিষ্কারের কৃতিত্ব দেয়। তারা হলেন- ইজুমি ইয়োসুকি, সুজুজি টোকুজিরো ও তাকায়ামা কোসুকি।

তাদের দাবি, ১৮৬৮ সালেই রিকশার আবিষ্কার। ১৮৭০ সালে জাপান সরকার এ তিনজনকে এটি তৈরি ও বিক্রির অনুমতি দেয়। এজন্য রিকশা চালানোর লাইসেন্স হিসেবে এ তিনজনের যে কোনো একজনের সিল লাগত অনুমতিক্রমে।

মজার ব্যাপার হচ্ছে, জাপানে রিকশার উদ্ভব হলেও বাহনটি এখন জাপানে প্রচলিত নেই। বিশ্বের বিভিন্ন দেশে এটি প্রসার লাভ করছে এবং জনপ্রিয় হয়েছে। বিশেষ করে বাংলাদেশের জনগণের কাছে এর জনপ্রিয়তা ব্যাপক।

জাপান থেকে সরাসরি বাংলাদেশে এ বাহনের আগমন ঘটেনি। দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম ভারতের সিমলায় ১৮৮০ সালের দিকে রিকশার প্রচলন হয়। এর ২০ বছর পর অর্থাৎ ১৯০০ সালের দিকে কলকাতায় এর প্রচলন হয়।

১৯৬০ সালের দিকে রিকশার সঙ্গে চেইন লাগিয়ে দেয়া হয়, যাতে মানুষের শ্রম কমে। ষাটের দশকে নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের নেত্রকোনার ইউরোপীয় পাট ব্যবসায়ীরা নিজস্ব ব্যবহারের জন্য কলকাতা থেকে চেইন লাগানো রিকশা বাংলাদেশে আনেন। এভাবেই বাংলাদেশে রিকশা চলাচল শুরু হয়।

রাইজিংবিডি/টিপু



রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়