ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিজার দিয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ৫ জুলাই ২০২৩  
সিজার দিয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে রোগী ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বুধবার (৫ জুলাই) সকালে হাসপাতালটির প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগের উদ্যোগে একজন প্রসূতির সিজারের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। একইসঙ্গে হাসপাতালের আন্তঃবিভাগ কার্যক্রমও আজ চালু হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত হাসপাতালটির আন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, আজ সকালে একজন প্রসূতি মায়ের সিজারের মাধ্যমে সুপার স্পেশালাইজড হাসপাতালের অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। আজ গাইনিতে ৫টি অপারেশন হয়েছে। ব্রেস্ট সার্জারি হয়েছে ২টি, ল্যাপারোস্কপিক সার্জারি হয়েছে একটি।

উপাচার্য জানান, গত বছরের ১৪ সেপ্টেম্বর সুপার স্পেশালাইজড হাসপাতালের অবকাঠামো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৭ ডিসেম্বর থেকে সুপার স্পেশালাইজড হাসপাতালে ১৪টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক (অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক) নিয়মিত চেম্বারে রোগী দেখছেন। প্রশিক্ষিত দক্ষ জনবলের কাছ থেকে সেবা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন সেবা গ্রহীতারা। এখানে ল্যাবরেটরি প্যাথলজি টেস্ট করার পাশাপাশি নিয়মিত এমআরআই, সিটি স্ক্যান করা হচ্ছে।

কিছু কারণে আন্তঃবিভাগ এবং অপারেশন চালু করতে বিলম্ব হয় বলেও জানান উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন। বিলম্বের কারণ ছিল, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে কিছু ইনস্ট্রুমেন্ট সময় মতো না আসা। তারপরও আউটডোর এবং প্যাথলজি বিভাগের কার্যক্রম আরও আগে থেকেই শুরু করেছেন বলেও জানান বিএসএমএমইউ উপাচার্য।

সঠিকভাবে হাসপাতালে আগত রোগীদের চিকিৎসাসেবার জন্য আরও জনবল লাগবে জানিয়ে উপাচার্য বলেন, সুপার এই হাসপাতালটি পরিচালনার জন্য ১৮০০ মতো জনবল প্রয়োজন। ইতোমধ্যে ৪০ হাজারের মতো রোগী বিভিন্ন পরীক্ষা করেছেন। ২০ হাজারের বেশি রোগীরা চিকিৎসা নিয়েছেন। এমআরআই হয়েছে ৫৫৬টি, সিটি স্ক্যান ৩১৩টি, বিএমডি ১১টি, বায়োকেমিস্ট্রি টেস্ট ২০ হাজার ৩৭৫টি, মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি ৩ হাজার ৪৭৬টি, ভাইরোলজি ২ হাজার ২৫০টি, হেমাটোলজি ২ হাজার ৯টি, ল্যাবরেটরি মেডিসিন ৪ হাজার ৯৮৩টি অর্থাৎ মোট ৩৩ হাজার ৯৩টি টেস্ট করা হয়েছে। এছাড়া ইসিজি করেছেন ৮১ জন ও  ইটিটি করেছেন ৯ জন রোগী।

বিএসএমএমইউ উপাচার্য আরও বলেন, যেসব রোগের চিকিৎসার জন্য রোগীরা দেশের বাইরে যেতেন, সেই চিকিৎসাগুলোই আমাদের এই হাসপাতালে হবে। বিশেষ করে ক্যানসার, ইনফার্টিলিটি, হেয়ার ইমপ্লান্ট করতে প্রচুর রোগী দেশের বাইরে যায়। কার্ডিয়াক সার্জারি, লিভার, কিডনি প্রতিস্থাপনের জন্যও রোগীরা বাইরে যায়। এখন থেকে তাদের আর বাইরে যেতে হবে না, সব ধরনের সেবা আমরা এই সুপার স্পেশালাইজড হাসপাতালে দেব। এছাড়াও রোবটিক সার্জারির জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলেও জানান উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

/মেয়া/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়