ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাসপাতালে হাজিরা দিয়ে চেম্বারে রোগী দেখা চিকিৎসকের রেজিস্ট্রেশন স্থগিতের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ৫ মার্চ ২০২৬   আপডেট: ১৪:৪৫, ৫ মার্চ ২০২৬
হাসপাতালে হাজিরা দিয়ে চেম্বারে রোগী দেখা চিকিৎসকের রেজিস্ট্রেশন স্থগিতের সিদ্ধান্ত

সরকারি হাসপাতালে হাজিরা দিয়ে কর্মস্থলে না থেকে প্রাইভেট চেম্বারে রোগী দেখার অভিযোগে শরীয়তপুরের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদারের বিএমডিসি রেজিস্ট্রেশন ছয় মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার(৫ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়ার স্বাক্ষরিত এ চিঠিতে থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদার গত ৪ মার্চ বায়োমেট্রিক হাজিরা দিয়ে হাসপাতাল ত্যাগ করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের একটি প্রাইভেট হাসপাতালের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখছিলেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং গণমাধ্যমেও আসে। 

অভিযোগে বলা হয়, তিনি নিজেকে অসুস্থ দাবি করলেও একই সময়ে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখছিলেন। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা ব্যাহত হয় এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। পাশাপাশি ডা. রাজেশ মজুমদারের বিএমডিসি রেজিস্ট্রেশন আগামী ছয় মাসের জন্য স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/এমএসবি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়