২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৫, আক্রান্ত ১৩৫৮
ফাইল ফটো
বাংলাদেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছেন একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন। এ সময়ে নতুন করে ১ হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে।
সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩৮৬ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী ৪ হাজার ৬৯৩ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগের একজন, খুলনা বিভাগের একজন, রাজশাহী বিভাগের একজন এবং সিলেট বিভাগের ২ জন রয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ২৬৪ শিশুর মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৬৫৯ জন। রাজশাহী বিভাগে ১৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ২১০ জন, বরিশাল বিভাগে ১১৬ জন, খুলনা বিভাগে ৭৬ জন, সিলেট বিভাগে ৪৩ জন, রংপুর বিভাগে ৪৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৮ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
ঢাকা/এমএসবি/রফিক