ঢাকা     সোমবার   ২৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৪ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রস্তুতি শেষ হলেই স্থানীয় সরকার নির্বাচন: ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ২৭ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:৪২, ২৭ এপ্রিল ২০২৬
প্রস্তুতি শেষ হলেই স্থানীয় সরকার নির্বাচন: ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলেই দ্রুত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন প্রক্রিয়া শুরু করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘‘স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।’’

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

আরো পড়ুন:

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে হয়। সব স্তরের নির্বাচন শেষ করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগে।

তিনি বলেন, তফসিল ঘোষণার আগে ভোটার তালিকা প্রস্তুত, ভোটের সামগ্রী সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়া, কেন্দ্র চূড়ান্তকরণ ও সংস্কার, নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণসহ নানা বিষয় বিবেচনায় নিতে হয়। তফসিল ঘোষণার প্রাক-প্রস্তুতির জন্য ন্যূনতম ৪৫ দিন সময় প্রয়োজন।

বিএনপির সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেড় লাখ ইভিএম কেনার জন্য ৩ হাজার ৮২৫ কোটি ৩৪ লাখ টাকার প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে কেনা এই ইভিএম নিয়ে দুদকের তদন্ত চলমান। অডিট অধিদপ্তরের আপত্তিও এখনো নিষ্পত্তি হয়নি।

তিনি বলেন, জাতীয় ও স্থানীয় পর্যায়ের কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না বলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। ইভিএমগুলো এখন বিভিন্ন গুদাম, বিএমটিএফ ও ইসি সচিবালয়ের বেজমেন্টে সংরক্ষিত আছে।

ফরিদপুর-১ আসনের মো. ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশন ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন বিভাগ গঠনের সুপারিশ করেছে। ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর নিয়ে ফরিদপুর বিভাগ গঠনের প্রস্তাব করা হয়েছে। নিকার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
 

ঢাকা/এএএম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়