উখিয়ায় পিকআপচাপায় নির্মাণশ্রমিক নিহত
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রবিউল।
কক্সবাজারের উখিয়ায় পিকআপচাপায় রবিউল (২২) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কোর্টবাজার এলাকায় সড়কের ডিভাইডার নির্মাণকাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর হংসমিয়াজীর পাড়া এলাকার মোক্তার হোছাইনের ছেলে। তিনি কোর্টবাজার এলাকায় সড়কের ডিভাইডার নির্মাণকাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে ডিভাইডার নির্মাণকাজ চলছিল। সে সময় বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ অটোরিকশাকে ধাক্কা দিয়ে রবিউলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও অভিযান চালিয়ে পিকআপটি জব্দ করে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
উখিয়া থানার ওসি মুজিবুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উখিয়া শাহপরী হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জব্দ করা পিকআপের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
ঢাকা/তারেকুর/রাজীব