এডিপিতে নোবিপ্রবির দুই প্রকল্প আলোচনায়
নোবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
২০২৬–২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে নতুন প্রকল্প অন্তর্ভুক্তির বিষয়ে বিবেচনার জন্য আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভা সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। সভায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বহুল প্রত্যাশিত দুটি প্রকল্প ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্তির জন্য আলোচনায় উঠেছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত স্মারক সূত্রে জানা গেছে, নোবিপ্রবির একাডেমিক ভবন-৪, স্টেম (STEM) এক্সিলেন্স হাব, আবাসিক হল এবং অন্যান্য ভৌত সুবিধা সম্প্রসারণ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৬৫ কোটি টাকা। প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১ পর্যন্ত।
এছাড়া, নোবিপ্রবি ও আশপাশের এলাকায় নিরাপদ পানি নিশ্চিত করা, লবণাক্ততা ও আয়রন দূরীকরণ কৌশল সংক্রান্ত আরেকটি প্রকল্পও সবুজ পাতায় অন্তর্ভুক্তির জন্য এজেন্ডায় রয়েছে। এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৩৭ লাখ টাকা।
বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সদস্য (সচিব) এস এম শাকিল আক্তারের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির এই সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা/শফিউল্লাহ/জান্নাত