লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট চলছে
এনএ || রাইজিংবিডি.কম
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে সোমবার।
এ পর্বে নয় রাজ্যের ৭২টি আসনে ভোট হচ্ছে। এ পর্বে বেশিরভাগ ভোটকেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে।
আজ কেন্দ্রীয় অঞ্চলেই সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে। ২০১৪ সালে এই অঞ্চলে বড় ধরনের জয় পেয়েই বাজিমাত করেছিল বিজেপি। ৭২ আসনের মধ্যে বিজেপি জয় পেয়েছিল ৫৬ আসনে।
টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি জানিয়েছে আজ মহারাষ্ট্রের ১৭টি আসনে, উত্তর প্রদেশ ও রাজস্থানে ১৩টি করে আসনে, পশ্চিম বঙ্গে আট আসনে, মধ্যপ্রদেশ ও উড়িষ্যায় ৬টি করে আসনে, বিহারে পাঁচটি, ঝাড়খন্ডে তিনটি এবং জম্মু ও কাশ্মীর রাজ্যের অনন্তনাগ আসনের একটি অংশে ভোট হচ্ছে।
চতুর্থ দফার এ ভোটে ৯৬১ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন।
পশ্চিমবঙ্গে আসানসোল আসনে তৃণমূলের তারকা প্রার্থী মুনমুন সেন। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান এমপি বিজেপির তারকা শিল্পী-সুরকার বাবুল সুপ্রিয়।
বীরভূম থেকে তৃণমূলের আরেক নায়িকা শতাব্দী রায় তৃতীয়বারের মত লড়ছেন। এ আসনে আগের দুবারেরও (২০০৯ ও ২০১৪) এমপি তিনি। বিজেপি এখানে প্রার্থী করেছে টালিউড তারকা জয় ব্যানার্জিকে।
২০১৪ সালে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় বিজেপির ভরাডুবি হয়েছিল। এবার পশ্চিমবঙ্গকে বেশ গুরুত্ব দিয়ে মাঠে নেমেছেন মোদি-অমিত শাহ।
মুম্বাই উত্তর কেন্দ্রের প্রার্থী বলিউড তারকা উর্মিলা মাতন্ডকর, অনন্তনাগ কেন্দ্রে লড়ছেন পিডিপি প্রার্থী জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, কংগ্রেসের মিলিন্দ দেওরা ও সমাজবাদী পার্টির ডিম্পল যাদব।
এবার সাত ধাপে ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হচ্ছে। এর আগে ১১ এপ্রিল প্রথম দফার ভোট, ১৮ এপ্রিল দ্বিতীয় দফার ভোট এবং ২৩ এপ্রিল তৃতীয় দফার ভোট গ্রহণ করা হয়েছে।
৬ মে পঞ্চম দফা, ১২ মে ষষ্ঠ দফা এবং ১৯ মে সপ্তম ও শেষ দফার ভোটগ্রহণ করা হবে।
২৩ মে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।
রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৯/এনএ
রাইজিংবিডি.কম