ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাস্তায় ৬ সন্তানের প্রাণহীন দেহ, মা তাড়িয়ে দিচ্ছে মাছি!

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ২৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাস্তায় ৬ সন্তানের প্রাণহীন দেহ, মা তাড়িয়ে দিচ্ছে মাছি!

রাস্তার ওপর শুয়ে রয়েছে ছয় ছয়টা কুকুর ছানা। একঝলকে দেখলে মনে হবে ঘুমিয়ে রয়েছে বোধহয়।

তবে, ভুল ভাঙবে পরক্ষণেই। ছয় ছয়টা কুকুরছানার কারো শরীরেই প্রাণের কোনো স্পন্দন নেই। নিথর শরীরগুলো পড়ে রয়েছে শুধু রাস্তার ওপর। কিন্তু মায়ের মন কি তা মানে! ছয় ছয়টা সন্তানের দেহ আগলে রাস্তার ওপর ঠায় বসে মা।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ‌্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মর্মান্তিক এই ছবি ভারতের নদিয়ার নবদ্বীপের আগমেশ্বরী পাড়ার। মঙ্গলবার সকালে পথ চলতে গিয়ে এলাকাবাসীর চোখে পড়ে, কেউ বা কারা যেন ছয়টা কুকুরছানাকে মেরে রাস্তায় ফেলে দিয়ে গেছে। আর সন্তানদের সেই নিথর দেহের দিকে একদৃষ্টে তাকিয়ে ঠায় বসে মা কুকুরটি। সন্তানের জন্য মাতৃস্নেহ আদি ও অকৃত্রিম। মানুষ হোক বা কোনো পশুপাখি, এর কোনো বৈচিত্র্য বা তারতম্য ঘটে না।

স্থানীয়রা দেখেন, মাঝে মধ্যেই নিহত সন্তানদের গায়ের ওপর এসে বসা মাছি পরম স্নেহে তাড়িয়ে দিচ্ছে মা। মর্মান্তিক এই দৃশ্য দেখে প্রত্যেকেই স্তম্ভিত হয়ে যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের সঙ্গে কিটনাশক মিশিয়ে খুন করা হয়েছে কুকুরছানাগুলিকে। কিন্তু কে বা কারা এই ঘৃণ্য কাজ করল? এখনও পর্যন্ত সেই দোষীদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় বিক্ষোভ করেছে স্থানীয় পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও।


ঢাকা/সাইফ/নাসিম 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়