ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় মৃতের সংখ্যা লুকাচ্ছে দিল্লি?

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ২৭ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:০৪, ২৭ এপ্রিল ২০২১
করোনায় মৃতের সংখ্যা লুকাচ্ছে দিল্লি?

ভারতের রাজধানী দিল্লিতে চলছে করোনাভাইরাস সংক্রমণের ‘ঝড়’। একদিকে বাড়ছে সংক্রমণ অন্যদিকে বাড়ছে মৃতের সংখ্যা। গত কয়েক দিন ধরে সারিবদ্ধভাবে কোভিডে মৃত রোগীদের দেহ সৎকার করতে দেখা গেছে দিল্লির বিভিন্ন স্থানে। কিন্তু শ্মশান ও‌ কবরস্থানে যত রোগীর দেহ সৎকার হয়েছে, তার সঙ্গে দিল্লির সরকারের দেওয়া কোভিডে মৃত্যুর হিসাবে ব্যাপক ফারাক দেখা গেছে।

এনডিটিভি অনলাইন দিল্লির পৌরসভা কর্পোরেশনের অধীন শ্মশান ও কবরস্থান থেকে সৎকার হওয়া কোভিডে মৃতদের তথ্য জোগাড় করেছে। ১৮ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত নেওয়া সেই তথ্যের সঙ্গে সরকারি বুলেটিনে প্রকাশিত তথ্যের ফারাক প্রায় ১ হাজার ১৫৮ জনের!

আরো পড়ুন:

দিল্লি সরকারের দেওয়া তথ্য অনুসারে, ১৮ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ১ হাজার ৯৩৮ জনের। কিন্তু ওই সময়কালে দিল্লি পৌরসভার ২৬টি শ্মশান এবং কবরস্থানে সৎকার করা হয়েছে ৩ হাজার ৯৬ জন কোভিডে আক্রান্ত মৃতের দেহ। এই তথ্য দেখাচ্ছে দিল্লি সরকারের প্রকাশিত তথ্যে ১ হাজার ১৫৮ জন মৃতের কোনো উল্লেখই নেই। এই গরমিলের কারণ এখনও জানা যায়নি। দিল্লি সরকারও এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

৩ হাজার ৯৬ জনের যে হিসাব পাওয়া গিয়েছে তাদের সবার করোনার জেরে মৃত্যু হয়েছে হাসপাতালে। দিল্লির পৌর কর্তৃপক্ষ হাসপাতাল থেকে আসা কোভিড মৃতদের হিসাবই রেখেছে। এছাড়া প্রচুর করোনা আক্রান্ত রয়েছেন দিল্লিতে, যারা হাসপাতালে ঘুরে ঘুরে ভর্তি হতে পারেননি এবং তাদের মৃত্যু হয়েছে বাড়িতে। তারা রয়েছেন এই হিসাবের বাইরে। 

গাজিপুর শ্মশানের কর্মী অনুজ বনসল বলেছেন,‘সৎকারের আগে কোভিডের জন্য মৃত্যু না অন্য কারণে মৃত্যু, তা আমাদের লিখে রাখতে হচ্ছে। মৃত দেহ হাসপাতাল থেকে বা অ্যাম্বুল্যান্সে এলে আমরা জানতে পারছি। কিন্তু বাড়ি থেকে মৃতদেহ এলে কোভিডের কারণেই তার মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিতভাবে জানতে পারছি না। সে ক্ষেত্রে মৃত্যুর কারণ হিসাবে আমাদের খাতায় কোভিডের উল্লেখ থাকছে না।’

বাড়িতে কোভিডের কারণের মৃত্যুর হিসাবে ধরলে সরকারি হিসাবের সঙ্গে মৃত্যু সংখ্যার ফারাক আরো বাড়বে। দিল্লির শ্মশান, কবরস্থানে দৈনিক গড়ে যে সংখ্যক দেহ সৎকার করা হয়, গত এক সপ্তাহে তা ৩-৪ গুণ বেড়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়