উত্তর সিকিমে আটকা পড়েছেন ২ হাজারের বেশি পর্যটক
ভারী বর্ষণ চলছে ভারতের উত্তর সিকিমে। বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। গ্যাংটক থেকে উত্তর সিকিমের জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ বন্ধ হয়ে পড়েছে। আটকা পড়েছেন দুই হাজারের বেশি পর্যটক।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন জানিয়েছে, ভারী বর্ষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের মংগন জেলার লাচুং ও লাচেন এলাকা। ওই সব এলাকার বিভিন্ন প্রান্তে পর্যটকরা আটকা পড়েছেন।
সিকিম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও অন্তত দুই হাজার৪৭৫ জন পর্যটক উত্তর সিকিমের বিভিন্ন হোমস্টে এবং হোটেলে আটকে আছেন। ইতিমধ্যে তাদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। এদের মধ্যে একটি কলেজের ৬০ জন শিক্ষার্থী আছেন। উদ্ধারকাজে নেমেছে সিকিম সরকারের কুইক রেসপন্স টিম, সিকিম পুলিশ, জিআরইএফসহ সেনা সদস্যরা। পর্যটকদের উদ্ধারে ১৯টি বাস এবং ৭০টি ছোট গাড়ির বন্দোবস্ত করা হয়েছে সরকারের পক্ষ থেকে। একটু একটু করে ধস কবলিত রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। শনিবার মোট ১২৩ জন পর্যটককে বাস এবং ছোট গাড়ির মাধ্যমে গ্যাংটকের দিকে পাঠানো সম্ভব হয়েছে।
এ ব্যাপারে ‘হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজ়ম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক’-এর সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘সিকিম সরকার এক দিকে যেমন পর্যটকদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে, তেমনই আমরাও বিভিন্ন হোমস্টে এবং হোটেলে পর্যটকদের খোঁজখবর নিচ্ছি। তবে সবাই সুস্থ রয়েছেন। বিভিন্ন হোটেল এবং হোমস্টেতে আটকে থাকা ওই পর্যটকদের উদ্ধারকাজ চলছে। ইতিমধ্যে অনেককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা সম্ভব হয়েছে।’
ঢাকা/শাহেদ