ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাইডেন-মোদির ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ২৭ আগস্ট ২০২৪   আপডেট: ০৯:৫২, ২৭ আগস্ট ২০২৪
বাইডেন-মোদির ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে ফোনে কথা বলেছেন। দুই রাষ্ট্রপ্রধানের এ ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দুই নেতা আলোচনায় বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। 

সোমবার (২৬ আগস্ট) ভারতের পররাষ্ট্র  মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুই নেতার মধ্যে বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিস্তারিত মতবিনিময় হয়েছে। এতে উঠে আসে মোদির সাম্প্রতিক ইউক্রেন সফর, কোয়াড ও বাংলাদেশ ইস্যুও।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। 

সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডলে জো বাইডেনের সাথে ফোনালাপের বিষয়টি তুলে ধরে নরেন্দ্র মোদি লেখেন, ‘আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদে মতবিনিময় করেছি।’

ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু- বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।’

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়