ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাতিসংঘে ভারতকে কঠোর হুঁশিয়ারি শেহবাজ শরিফের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ২৮ সেপ্টেম্বর ২০২৪  
জাতিসংঘে ভারতকে কঠোর হুঁশিয়ারি শেহবাজ শরিফের

জম্মু ও কাশ্মির ইস্যুতে আবারও ভারত সরকারকে কঠোর বার্তা দিল পাকিস্তান। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ভারতকে হুমকি দিয়ে বলেন, ‘ভারতীয় যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে পাকিস্তান।’

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, নয়াদিল্লি নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে আজাদ কাশ্মির দখলের হুমকি দিচ্ছে উল্লেখ করে ভারতকে কঠোর সতর্কবার্তা দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

ভাষণে শেহবাজ শরীফ বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, যে কোনও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে কঠোর পদক্ষেপ নেবে পাকিস্তান।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘শান্তির দিকে অগ্রসর না হয়ে, জম্মু ও কাশ্মির নিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে ভারত। মিথ্যা ভারতীয় পরিচয় প্রত্যাখ্যানে কাশ্মিরের জনগণ দৃঢ়প্রতিজ্ঞ। নয়াদিল্লি তাদের ওপর অত্যন্ত কঠিন শর্ত আরোপ করতে চায় এবং প্রতি ঘণ্টায় নৃশংসতা চালানো হচ্ছে।’

শেহবাজ বলেন, ‘আরও চিন্তার বিষয় হচ্ছে, কাশ্মিরে ভারত সরকার সেনা বাড়িয়েই চলেছে। আর পাকিস্তানকে টার্গেট করেই এই সেনা বাড়ানো হচ্ছে। তারা পাকিস্তানের প্রস্তাব নিয়ে বসতে চায় না। এমনকি আজাদ কাশ্মিরে তারা প্রায়ই নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে। আমি আসলে বলতে বাধ্য হচ্ছি, ভারতীয় আগ্রাসনের কঠোর জবাব দেবে পাকিস্তান।’

১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদের সামনে ২১ মিনিট ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী তার ভাষণে ঘরোয়া রাজনৈতিক বিষয়ে বেশি মনোযোগ না দিয়ে আন্তর্জাতিক উদ্বেগের উপর বেশি গুরুত্ব দিয়েছেন।

গাজা যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করতে তিনি বলেন, ‘এটি শুধুই এক সংঘাত নয়, এটি নির্দোষ মানুষের ওপর এক পরিকল্পিত হত্যাকাণ্ড।’

শেহবাজ শরিফ বলেন, ‘গাজার শিশুদের রক্ত শুধু দখলদারদের হাতকেই কলঙ্কিত করছে না বরং যারা এই নিষ্ঠুর সংঘাতকে দীর্ঘায়িত করছে তারাও এর দায় এড়াতে পারে না।’

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদে ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মির ইস্যু নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কড়া হুঁশিয়ারির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার জাতিসংঘে নিযুক্ত ভারতের ফাস্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘পাকিস্তানের চিত্র আসলে কেমন, তা সবারই জানা। পাকিস্তান সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়, তাদের সন্ত্রাসবাদের কথা সবার জানা। যে দেশে মাদকের কারবার চলে, তাদের কী করে সাহস হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতকে নিয়ে সমালোচনা করার।’

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়