ইরানে ‘নতুন হামলার তরঙ্গ’ শুরু: ইসরায়েল
যুদ্ধের সপ্তম দিন শুক্রবার ইরানে নতুন ধাপের হামলা শুরু করার দাবি করেছে ইসরায়েল।
যুদ্ধের সপ্তম দিনে এসে ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন অংশে নতুন করে বড় ধরনের হামলা শুরু করার দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতি বলেছে, তাদের যুদ্ধবিমান বর্তমানে তেহরানে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ‘নতুন হামলার তরঙ্গ’ পরিচালনা করছে। হামলাকে তারা ব্যাপকভিত্তিক বলে বর্ণনা করেছে। অবশ্য এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া দেয়নি দেশটি।
এদিকে তেহরানে থাকা আলজাজিরা সাংবাদিক জানিয়েছেন, কিছুক্ষণ আগেই রাজধানীর আকাশে স্পষ্টভাবে যুদ্ধবিমানের শব্দ এবং বিকট বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। এই হামলার ফলে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।
২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই থেকে তারা যৌথভাবে সেদেশ হামলা চালিয়ে যাচ্ছে। সাত দিনে পড়া এই হামলায় তেহরান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক বেসামরিক ভবন, ঘরবাড়ি ও স্কুল পর্যন্ত গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি ও মার্কিন বাহিনী।
তেহরানের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে তো উড়ছে। পবিত্র রমজান মাসে রোজাদররা সেহরি-ইফতারে অবর্ণনীয় কষ্ট ভোগ করছে। একদিকে যেমন খাবার ফুরিয়ে আসছে, অন্যদিকে জ্বালানি সংকট প্রকট হচ্ছে। দুদিন ধরে ইন্টারনেট নেই। ফলে কাছাকাছি কোনো বড় বিপর্যয় হলেও তা অন্যদের কাছে অজানা থেকে যাচ্ছে- এমন খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বৃহস্পতিবার পর্যন্ত ইরানে প্রায় ১ হাজার ২৫০ জন মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
ঢাকা/রাসেল