ইসরায়েলের সঙ্গে ‘পূর্ণ যুদ্ধবিরতি’ চান লেবাননের প্রেসিডেন্ট
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।
ইসরায়েলের সঙ্গে ‘পূর্ণমাত্রার যুদ্ধবিরতি’ করার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সঙ্গে তিনি তার দেশকে স্থিতিশীল করতে একটি নতুন পরিকল্পনার জন্য আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন।
সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, এই প্রস্তাবের মধ্যে রয়েছে ‘ইসরায়েলের স্থল, আকাশ ও সমুদ্রপথে লেবাননের ওপর সব ধরনের হামলা সম্পূর্ণভাবে বন্ধ করা।’
তিনি আরো জানান, লেবানিজ আর্মড ফোর্সেস দ্রুত সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেবে, সেখানে থাকা সব অস্ত্র জব্দ করবে এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করে তাদের অস্ত্রের গুদাম ও মজুতকেন্দ্র গুঁড়িয়ে দেবে।
এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য লেবাননের সেনাবাহিনীকে আন্তর্জাতিকভাবে লজিস্টিক সহায়তা দেওয়ার আহ্বানও জানান তিনি।
প্রেসিডেন্ট আউন বলেছেন, লেবানন ও ইসরায়েলের উচিত আন্তর্জাতিক তত্ত্বাবধানে সরাসরি আলোচনা শুরু করা, যাতে এই পদক্ষেপ বাস্তবায়নের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো যায়।
ইরানে যুক্তরাষ্ট্রের একতরফা হামলার পর ছড়িয়ে পড়া যুদ্ধে অংশ হয় লেবাননের সশস্ত্র ইসলামপন্থি গোষ্ঠী হিজবুল্লাাহ। তারা তেহরানের পক্ষে ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা চালায়। এর প্রতিশোধ নিতে লেবাননে হামলা শুরু করে তেল আবিব।
এরই মধ্যে লেবাননের সামরিক, বেসামরিক স্থাপনায় ইসরায়েলি হামলায় প্রায় ৩০০ মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক। বহু ভবন ও ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এমন অবস্থায় হিজবুল্লাহকে নিরস্ত্র করার শর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চাইছেন দেশটির প্রেসিডেন্ট। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ছড়িয়ে পড়ার পর লেবাননই প্রথম কোনো দেশ যারা যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানাল।
সূত্র: আলজাজিরা।
ঢাকা/রাসেল